৩০ বছর আগের লক্ষ্যমাত্রায় দক্ষতা পরিমাপ!
তিন দশক আগে চট্টগ্রাম বন্দরের দক্ষতা পরিমাপের চারটি সূচকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রতিবেদন দিয়েছিল বিশ্বব্যাংকের একটি দল। এসব লক্ষ্যমাত্রা দুই বছরের মধ্যে অর্জনের জন্য কিছু পরামর্শও দেওয়া হয়েছিল। প্রায় ৩০ বছরের ব্যবধানে বন্দরের অবকাঠামো ও যন্ত্রপাতির সুবিধা বহুগুণ বাড়লেও নতুন করে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। বন্দর এখনো ছুটছে সেই পুরোনো ‘লক্ষ্যমাত্রা’ সামনে রেখে।বন্দর বিশেষজ্ঞরা মনে করেন, বন্দরের সেবার মান বাড়ছে না কমছে, তা যাচাইয়ের জন্য দক্ষতার সূচক গুরুত্বপূর্ণ। এসব সূচকের ওপর নির্ভর করে ভবিষ্যৎ পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু ৩০ বছর ধরে লক্ষ্যমাত্রা একই থাকায় বন্দরকে এগিয়ে নিতে ধারাবাহিক পরিকল্পনার অভাব রয়েছে। জানতে চাইলে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ সম্প্রতি প্রথম আলোকে বলেন, বন্দরের দক্ষতা পরিমাপের এসব সূচক পর্যালোচনা হওয়া উচিত। ভবিষ্যতে এসব সূচকের নতুন করে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে।বন্দর সূত্রে জানা গেছে, প্রতিবছর বন্দরে নতুন নতুন যন্ত্রপাতি ও পণ্য ওঠানামা কার্যক্রম ব্যবস্থাপনায় পরিবর্তন হয়েছে। কিন্তু প্রতিবছর একই লক্ষ্যমাত্রা দেখিয়ে বন্দরের সাফল্য দেখানো হচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয় থেকে চট্টগ্রাম বন্দরের দক্ষতা মূল্যায়নের প্রাথমিক প্রতিবেদনেও ওই লক্ষ্যমাত্রা ধরে দক্ষতার মূল্যায়ন করা হচ্ছে। তিন দশক আগের লক্ষ্যমাত্রা অনুযায়ী এসব সূচক পূরণ করছে কি না, তা-ও এই নিরীক্ষা প্রতিবেদনে পর্যালোচনা করা হয়েছে।বন্দর সূত্রে জানা গেছে, ‘চিটাগং কনটেইনার টার্মিনাল-সিসিটি’ নির্মাণ প্রকল্পে অর্থ-সহায়তার আগে ১৯৮২ সালের ১৬ এপ্রিল বিশ্বব্যাংকের একটি দল এই মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে। ১৯৮৪ সালের জুনের মধ্যে অর্জনের লক্ষ্য স্থির করার জন্যও বলে সংস্থাটি। প্রতিবেদনে মোট ছয়টি সূচক তুলে ধরা হয়। এর মধ্যে জাহাজপ্রতি দিনে এবং প্রতি ঘণ্টায় কনটেইনার ও পণ্য ওঠানামার হার, কনটেইনার ও পণ্যের গড় অবস্থান সময় এবং যন্ত্রপাতির প্রাপ্যতার হারের আদর্শমাত্রা—এই চারটি সূচকের লক্ষ্যমাত্রা তুলে ধরা হয়। একটি বন্দর কতটুকু দক্ষতা অর্জন করল, তা এসব সূচক দিয়ে পরিমাপ করা হয়।লক্ষ্যমাত্রা ও বাস্তবতা: বিশ্বব্যাংকের ‘স্টাফ অ্যাপ্রাইজাল রিপোর্ট: চিটাগং পোর্ট প্রজেক্ট’ শীর্ষক ৭০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বন্দরে দিনে জাহাজের ক্রেন ব্যবহার করে প্রতি জাহাজ থেকে ১৫০ বক্স কনটেইনার ওঠানো-নামানোর লক্ষ্যমাত্রা দেওয়া হয়। বন্দরের জেনারেল কার্গো বার্থ-জিসিবি টার্মিনালে এখনো এই লক্ষ্যমাত্রা রয়ে গেছে। অথচ অনেক আগেই এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এই টার্মিনালে কনটেইনার ওঠানামা হচ্ছে দিনে ৩৫৫ বক্স করে। একইভাবে প্রতিবেদনে প্রতি ঘণ্টায় প্রতি জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর লক্ষ্যমাত্রা দেওয়া হয় ১২ বক্স করে। এখন এই টার্মিনালে গড়ে প্রতি ঘণ্টায় কনটেইনার ওঠানো-নামানো হয় ১২ দশমিক ১৩ বক্স করে। এ ছাড়া, প্রতি জাহাজ থেকে খাদ্যশস্য এক হাজার ৪০০ টন, সার এক হাজার ২০০ টন, লোহা ও স্টিল ৮০০ টন, ব্যাগভর্তি পণ্য এক হাজার ২০০ টনের লক্ষ্যমাত্রা এখনো অটুট আছে। এসব লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পণ্য ওঠানামা হচ্ছে বন্দরে। পণ্যভর্তি কনটেইনারের গড় অবস্থানকাল ১৫ দিন এবং খালি কনটেইনারের অবস্থানকাল ২৫ দিন নির্ধারণ করা হয়েছিল। এখনো স্থির আছে তা। বন্দরের প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরে পণ্যভর্তি কনটেইনারের গড় অবস্থানকাল ১৬ দিন এবং খালি কনটেইনারের গড় অবস্থানকাল ছিল ৫ দশমিক ১৩ দিন।প্রতিবেদনে যন্ত্রপাতির প্রাপ্যতার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৭০ শতাংশ। অর্থাৎ পরিবহন বিভাগের চাহিদা অনুযায়ী যান্ত্রিক বিভাগ থেকে যন্ত্রপাতি সরবরাহের হার দিয়ে এই সূচক নির্ধারণ করা হয়। গত অর্থবছরে এই হার ছিল ৭৪ শতাংশ।বিশ্বব্যাংক যখন এই লক্ষ্য স্থির করে প্রতিবেদন দেয়, তখন বন্দরের চেয়ারম্যান ছিলেন প্রকৌশলী মাহমুদুল ইসলাম। গত সপ্তাহে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বিস্ময়ের সঙ্গে বলেন, ‘এই লক্ষ্যমাত্রা এখনো রয়ে গেছে! আমি অনেক কিছুই এখন স্মরণ করতে পারছি না। তবে লক্ষ্যমাত্রা পরিবর্তন না করলে বন্দরকে এগিয়ে নেওয়া যাবে কীভাবে?’শুধু ৩০ বছর আগের সূচক নয়, সাত বছর আগে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানামার আধুনিক কি-গ্যান্ট্রি ক্রেন সংযোজিত হলেও সেখানে প্রতি ঘণ্টায় ১৫ বক্স কনটেইনার ওঠানো-নামানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। অথচ ২০০৬ সালের ২৮ জুন চারটি কি-গ্যান্ট্রি ক্রেন পরিচালনার জন্য সাইফ পাওয়ারটেকের সঙ্গে যে চুক্তি হয়, সেখানে প্রতি ঘণ্টায় ৩০টি কনটেইনার ওঠানো-নামানোর ক্ষমতা রয়েছে বলে বলা হয়। লক্ষ্যমাত্রা একই থাকায় ছয় বছর ধরে ঘণ্টাপ্রতি কনটেইনার ওঠানামা প্রায় একই রয়েছে।বন্দরের সাবেক সদস্য হাদী হোসেন মনে করেন, বন্দরের দক্ষতা পরিমাপের সূচকের লক্ষ্যমাত্রা নির্দিষ্ট সময় পর পর পর্যালোচনা হওয়া উচিত। কারণ এসব সূচকের ওপর নির্ভর করে বন্দরের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হয়। তিনি বলেন, শীর্ষস্থানে যাওয়ার লক্ষ্য থাকলে কাছাকাছি হলেও যাওয়া যায়। কিন্তু লক্ষ্যই যদি থাকে কোনোভাবে দিন পার করা, তাহলে বেশি দূর যাওয়া সম্ভব নয়।