৩০ মার্চ থেকে ঢাকায় তিন দিনের সার্ক বাণিজ্য ও পর্যটন মেলা
দক্ষিণ এশিয়ার আমদানি ও রপ্তানিকারকদের মধ্যে ব্যবসায়িক সুযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১তম সার্ক বাণিজ্য ও পর্যটন মেলা (ট্রেড ফেয়ার অ্যান্ড ট্যুরিজম মার্ট)। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হবে ৩০ মার্চ।রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্মিলিতভাবে এই প্রদর্শনীর আয়োজন করছে। এতে ৩০০ স্টল থাকবে, যার মধ্যে পর্যটন খাতের ৫০টি, সার্কভুক্ত দেশের ১০০, সার্ক পর্যবেক্ষক দেশের ২০ এবং বাংলাদেশের ১৩০টি স্টল থাকবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।আয়োজকেরা জানান, দক্ষিণ এশিয়ার আমদানি ও রপ্তানিকারকদের মধ্যে ব্যবসায়িক সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন বাণিজ্যিক তথ্যসেবা প্রদান করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। এই মেলার আরেকটি উদ্দেশ্য হলো সার্কভুক্ত জাতিসমূহের মধ্যে ব্যবসা ও বাণিজ্য-সম্পর্কিত বিভিন্ন কার্যকর তথ্যের আদান-প্রদান ও পর্যটন খাতকে এগিয়ে নেওয়া।আয়োজকেরা আরও জানান, সার্কভুক্ত দেশসহ সার্কের পর্যবেক্ষক দেশ আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, মিয়ানমার, দক্ষিণ কোরিয়া, ইরান, মরিশাস, অস্ট্রেলিয়া, জাপান, চীন ও তুরস্ক এতে অংশ নেবে। প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।