৩০ লাখ টাকার কম লেনদেন হলে মূসক দিতে হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন আইনে কোনো প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন ৩০ লাখ টাকার কম হলে মূল্য সংযোজন কর (মূসক) দিতে হবে না। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূসক নিবন্ধনও নিতে হবে না।
গতকাল রোববার ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) এক সেমিনারে মূল প্রবন্ধে এ কথা বলা হয়। প্রবন্ধ উপস্থাপন করেন সনদধারী হিসাববিদদের প্রতিষ্ঠান রহমান রহমান হকের অংশীদার মোহাম্মদ মেহেদি হাসান। কারওয়ান বাজারের সিএ ভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
মূল প্রবন্ধে আরও বলা হয়, বিদ্যমান আইনে বিভিন্ন হারে মূসক আরোপ আছে। এমনকি প্যাকেজ মূসকের সুযোগও আছে। কিন্তু নতুন আইনে প্যাকেজ মূসক ব্যবস্থা উঠে যাবে। সবক্ষেত্রে ১৫ শতাংশ হারে মূসক আরোপ হবে। এ ছাড়া যেসব প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন ৩০ থেকে ৮০ লাখ টাকা, সেসব প্রতিষ্ঠানকে ৩ শতাংশ হারে টার্নওভার কর দিলেই হবে।
অনুষ্ঠানে আইসিএবির সভাপতি আদিব হোসেন খান বলেন, ‘আশা করি, নতুন মূসক আইন কার্যকর হবে; ব্যবসায়ীদের জন্য সহজ হবে। এতে বেশি রাজস্ব আদায়ের ক্ষেত্র তৈরি হবে।’
সেমিনারের সভাপতি আইসিএবির সাবেক সভাপতি আবুল খায়ের চৌধুরী বলেন, এই যুগে জীবনের প্রতিটি ক্ষেত্রেই মূসকের উপস্থিতি আছে।
সেমিনারের প্রধান অতিথি এনবিআরের সদস্য (মূসক নীতি) জাহাঙ্গীর হোসেন বিভিন্ন প্রশ্নের উত্তরে জানান, নতুন আইন চালু হলে বিভিন্ন প্রতিষ্ঠানের চলতি হিসাব বিলুপ্ত হয়ে যাবে। মূসক পরিশোধ করা হবে অনলাইনে। এতে হয়রানি কমবে। আগামী জুলাই মাসের আগে প্রতিষ্ঠানের চলতি হিসাবের ভারসাম্য শূন্যের কাছাকাছি নিয়ে আসার আহ্বান জানান তিনি।