৩০ শতাংশ কারখানার শ্রমিক ভাতা পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশ্রমিকদের উৎসব ভাতা বা বোনাস দিতে সরকারের ঘোষিত সময়সীমা শেষ হয়েছে গত রোববার। তারপর চার দিন পার হয়েছে। তবে এখনো প্রায় ৩০ শতাংশ পোশাক কারখানার শ্রমিক উৎসব ভাতা পাননি।
এদিকে ঈদ ঘনিয়ে এলেও গুটি কয়েক কারখানা ছাড়া বাকিরা কেউ শ্রমিকদের জুন মাসের বেতন দেয়নি। ফলে শেষ মুহূর্তে কিছু কারখানার শ্রমিক বেতন-ভাতা না পেয়ে রাস্তায় নামতে পারেন—এমন আশঙ্কা করছেন কয়েকজন শ্রমিকনেতা। গত সপ্তাহে ৫৩১টি পোশাক কারখানার ক্ষেত্রে এমন আশঙ্কার কথা জানিয়েছে পুলিশের বিশেষ শাখা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুলিশের বিশেষ শাখা গত রোববার মন্ত্রণালয়ে দুটি পৃথক প্রতিবেদন দিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪৩৩টি তৈরি পোশাক কারখানায় বেতন-ভাতা পরিশোধ নিয়ে শ্রমিক-অসন্তোষ হতে পারে। এর মধ্যে সাভার ও আশুলিয়ার ৩২, গাজীপুরের ১৮১, চট্টগ্রামের ৫৮ ও নারায়ণগঞ্জের ১৩৫ কারখানা রয়েছে। অন্য প্রতিবেদনে পুলিশ বলেছে, সাভার, আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের ৯৮টি পোশাক কারখানা মে মাসের বেতন গত ২১ জুন পর্যন্ত দেয়নি। তাই ঈদের আগে কারখানাগুলোর বেতন-ভাতা পরিশোধ নিয়ে পোশাকশিল্পে শ্রমিক-অসন্তোষ হতে পারে।
জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান গতকাল বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের বলেন, অধিকাংশ পোশাক কারখানা উৎসব ভাতা দিয়ে দিয়েছে। আর জুন মাসের বেতন সোমবারের মধ্যে দিয়ে দেওয়া হবে। পুলিশের আশঙ্কার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আশা করছি, বড় কোনো সমস্যা হবে না।’
শিল্প পুলিশের হিসাবে, আশুলিয়া, সাভার ও ধামরাইয়ে ৭৬৬, গাজীপুরে ৯৫৫, নারায়ণগঞ্জে ৬৩৭ ও চট্টগ্রামে ৮৫২ পোশাক কারখানা চালু রয়েছে। এর বাইরে ঢাকাসহ অন্যান্য জেলায়ও কারখানা আছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হিসাবে, দেশে পোশাক কারখানার সংখ্যা ৪ হাজার ৮০৯। এসব কারখানার অধিকাংশই পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য।
জানতে চাইলে গত রাতে শিল্প পুলিশের মহাপরিচালক (ডিজি) আবদুস সালাম প্রথম আলোকে বলেন, আজ (গতকাল) পর্যন্ত ৭০-৭৫ শতাংশ পোশাক কারখানা উৎসব ভাতা দিয়েছে। ১৫-১৬ শতাংশ কারখানা জুন মাসের বেতন পরিশোধ করেছে। কাল (আজ) থেকে অধিকাংশ কারখানা বেতন দেওয়া শুরু করবে।
বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, বড় কারখানাগুলো উৎসব ভাতা দিয়েছে। তবে ছোট ও মাঝারি কারখানাগুলো ভাতা দেয়নি। তারা বলছে, বেতনের সঙ্গে ভাতা দেবে। আসলে এসব কারখানাতেই মূলত ঝামেলা হয়। কারখানাগুলো শ্রমিকদের ঈদের আগ মুহূর্তে উৎসব ভাতা কিংবা বেতনের একটি অংশ দিয়ে কারখানা বন্ধ করে দিতে চায়। তখনই শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
সরকারের ঘোষিত সময়ে শ্রমিকদের উৎসব ভাতা না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু। গত রাতে তিনি বলেন, সরকার নামকাওয়াস্তে একটি ঘোষণা দেয়, কিন্তু তদারক করে না। সে জন্য পরিস্থিতির উন্নতি হয় না। তিনি আরও বলেন, সরকার পরিষ্কার করে কিছু না বলায় কারখানার মালিকেরা শ্রমিকদের ইচ্ছেমতো সামান্য ভাতা দিচ্ছেন। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ।
এদিকে সরকারের ঘোষিত সময়ে বেতন-ভাতা পরিশোধে ব্যর্থ মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতা-কর্মীরা গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এতে শ্রমিকনেতারা সব পোশাকশ্রমিকের বেতন-ভাতা অবিলম্বে পরিশোধের দাবি জানান। ফেডারেশনের সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শাফিয়া পারভিন, ফারুক খান, আরিফা আক্তার, মো. রফিক, নাসিমা আক্তার, নাজনীন আক্তার প্রমুখ।