৩০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে ওয়াটা কেমিক্যাল
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ৩০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয় ওয়াটা কেমিক্যালের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১১ জুন।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে ওয়াটা কেমিক্যালের মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কর-পরবর্তী প্রকৃত মুনাফা হয়েছে দুই কোটি ৯৭ লাখ টাকা, যা আগের অর্থবছরের চেয়ে ৯৭ লাখ টাকা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল দুই কোটি টাকা।
প্রতিষ্ঠানটি আরও জানায়, ২০১৩ সালে তাদের ইপিএস হয়েছে ছয় টাকা ১৩ পয়সা, যা আগের অর্থবছরের চেয়ে দুই টাকা এক পয়সা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল চার টাকা ১২ পয়সা।