৩০তম বৃহৎ অর্থনীতির দেশ হওয়ার পথে বড় চ্যালেঞ্জ অবকাঠামো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০৩০ সালের মধ্যে বিশ্বের ৩০তম বৃহৎ অর্থনীতির দেশ হওয়ার পথে বাংলাদেশের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হলো জ্বালানি ও যোগাযোগ খাতের অবকাঠামোর উন্নয়ন। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া প্রয়োজন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত দিনব্যাপী এক সম্মেলনের ‘অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক অধিবেশনে বক্তারা এ কথা বলেন। এ অধিবেশনে বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, যুক্তরাজ্য সরকারের দাতাসংস্থা ডিএফআইডির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস অস্টিন, জাপানের দাতাসংস্থা জাইকার প্রধান প্রতিনিধি তাকাও তোদো, স্থানীয় সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, অবকাঠামো বিশেষজ্ঞ এম রহমত উল্ল্যাহ প্রমুখ। এ অধিবেশনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আমেরিকান চেম্বার ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি আফতাব উল ইসলাম। এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বিশ্বের ৩০তম বৃহৎ অর্থনীতির দেশ হওয়ার পথে বাংলাদেশের সামনে অবকাঠামো খাতে ছয়টি চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো: অপরিকল্পিত চাহিদা, বিভিন্ন অবকাঠামো খাতের মধ্যে ভারসাম্যহীনতা, বিনিয়োগ অপ্রতুলতা, প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, দুর্বল রক্ষণাবেক্ষণ ও সুশাসনের অভাব।মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে বহুমাত্রিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জ্বালানি-সংকট নিরসন, বিনিয়োগের জন্য সম্পদ আহরণ ও সরকারি প্রতিষ্ঠানসমূহের সংস্কার—এই তিন বিষয়ে গুরুত্ব দিতে হবে। মির্জ্জা আজিজ বলেন, অবকাঠামোর উন্নয়নে শুধু রাষ্ট্রের নিজস্ব বিনিয়োগের ওপর নির্ভরশীল হলে চলবে না। এ জন্য বেসরকারি খাতের উদ্যোক্তাদেরও বিনিয়োগের সুযোগ করে দিতে হবে। সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে বিনিয়োগ হতে পারে। এ ছাড়া পুঁজিবাজার থেকেও এসব খাতে বিনিয়োগ আনা সম্ভব। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা আরও বলেন, অবকাঠামোর উন্নয়নে রেলওয়ে ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে করপোরেটাইজেশন করা উচিত। এ ছাড়া ট্রেড ইউনিয়ন সংগঠনের কার্যক্রমের কারণে এবং আমলাদের দলীয়করণের ফলেও উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ক্রিস অস্টিন বলেন, যোগাযোগ ও জ্বালানি খাতের বড় অবকাঠামো নির্মাণে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সরকারের মধ্যে দীর্ঘসূত্রতা রয়েছে। বড় বিনিয়োগ আকৃষ্ট করতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এ ছাড়া বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে সরকারকেই। তাকাও তোদো বলেন, সঠিক তথ্য-উপাত্তের অভাবে বাংলাদেশে বিপুল অঙ্কের সরকারি অর্থের অপচয় হয়। এ ছাড়া প্রকল্পের পুরো অর্থ ব্যবহারের সক্ষমতাও নেই। সরকারকে এদিকে বিশেষভাবে নজর দিতে হবে। এম রহমত উল্ল্যাহ বলেন, জ্বালানি ও যোগাযোগ অবকাঠামো খাতে উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে সরকারের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। যোগাযোগের ক্ষেত্রে সড়কপথের চেয়ে রেলপথের উন্নয়নে বেশি গুরুত্ব দিতে হবে। রহমত উল্ল্যাহ জানান, অবকাঠামো খাতের প্রকল্পে প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম থাকে। আবার যা বরাদ্দ থাকে, তাও বাস্তবায়িত হয় না। এ ছাড়া অগ্রাধিকারমূলক প্রকল্পগুলো চিহ্নিত করে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বলে তিনি মন্তব্য করেন। আজিজ খান বলেন, জ্বালানিচাহিদা পূরণ হলে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার আরও ২ শতাংশ বাড়বে। আর পদ্মা সেতু নির্মিত হলে জিডিপির প্রবৃদ্ধি আরও ১ শতাংশ বাড়বে।