প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০০ কোটি টাকার অরূপান্তরযোগ্য বন্ড ছাড়বে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফিন্যান্স। এই বন্ডের মেয়াদ হবে ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত মঙ্গলবারের সভায় প্রতিষ্ঠানটির বন্ড ছাড়ার প্রস্তাব অনুমোদন করা হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএসইসি জানিয়েছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড কেনার সুযোগ পাবেন। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য বা ফেসভ্যালু নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। এর মাধ্যমে সংগৃহীত টাকা লংকাবাংলা ফিন্যান্স চলতি আর্থিক প্রয়োজন মেটানোর পাশাপাশি তারল্যপ্রবাহ বৃদ্ধিতে কাজে লাগাবে। বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করবে গ্রিনডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি।