৩০৩৯ কোটি টাকার আটটি প্রকল্প একনেকে অনুমোদন
তিন হাজার ৩৯ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে ৮৩০ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে, দুই হাজার ৯৬ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে এবং ১১৩ কোটি টাকা কমিউনিটি স্পন্সর থেকে মেটানো হবে। গতকাল মঙ্গলবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। একনেকে অনুমোদিত বাংলাদেশ রুরাল ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্পের আওতায় দেশের সাত বিভাগের ৩৩টি জেলার আর্সেনিক ও লবণাক্ততা আছে—এমন গ্রামে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হবে। নির্বাচিত ইউনিয়নগুলোর অতি দরিদ্র জনসাধারণের জন্য কম খরচের তিন লাখ শৌচাগার নির্মাণ করা হবে। এই প্রকল্পে ব্যয় হবে ৬৮২ কোটি টাকা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০১৬ জুন মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটির জন্য বিশ্বব্যাংকের ঋণ-সহায়তা বাবদ ৫৫৫ কোটি টাকা পাওয়া যাবে। এতে কমিউনিটি স্পন্সর ১১৩ কোটি টাকা জোগান দেবে। সভায় রেলওয়ে খাতের উন্নয়নে তিনটি প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্পগুলো হলো ৩৯৫ কোটি টাকার বাংলাদেশ রেলওয়ের সেক্টর উন্নয়ন প্রকল্প, ১৫০ কোটি টাকার বাংলাদেশ রেলওয়ের মেইনলাইন সেকশনগুলোর (পশ্চিমাঞ্চল) পুনর্বাসন (প্রথম সংশোধনী) প্রকল্প ও ঢাকা-চট্টগ্রাম করিডরে মালবাহী ও প্যাসেঞ্জার ট্রেনের চাহিদা পূরণ এবং রেলওয়ের জন্য নতুন লোকোমোটিভ সংগ্রহের লক্ষ্যে ৪৮১ কোটি টাকার বাংলাদেশ রেলওয়ের জন্য ১১ এমজি লোকোমোটিভ সংগ্রহ (প্রথম সংশোধনী) প্রকল্প। অনুমোদিত অন্য প্রকল্পগুলোর অন্যতম হলো: ১৩২ কোটি টাকার মংলা বন্দরের পশুর চ্যানেলের হারবার এলাকায় ড্রেজিং (প্রথম সংশোধিত) প্রকল্প এবং ১২৯ কোটি টাকার ফেরি ও পন্টুন নির্মাণ/পুনর্বাসন প্রকল্প। একনেক সভা শেষে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম অনুমোদিত প্রকল্পগুলো সাংবাদিকদের অবহিত করেন। একনেক সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।