৩২ কোটি টাকায় বিক্রি হচ্ছে ডিএসইর সদস্যপদ
দামসীমা তুলে দেওয়ার পর এবার ব্রোকারেজ হাউসের ক্রেতা খুঁজে পেল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। তৃতীয় দফায় দরপত্র আহ্বানের পর এন এইচ চৌধুরী সিকিউরিটিজ হাউসটি কেনার জন্য সর্বোচ্চ দর প্রস্তাব করা হয়েছে ৩২ কোটি দুই লাখ টাকা।গতকাল বুধবার দরপত্র খোলার পর সর্বোচ্চ এ দর পাওয়া যায়। তৃতীয় দফা দরপত্রে মোট আটটি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে দরপত্রের শর্ত পূরণ না করায় একটি প্রতিষ্ঠানের প্রস্তাব বাতিল হয়ে যায়। অন্য সাতটি দরদাতার মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংক সর্বোচ্চ ৩২ কোটি দুই লাখ টাকা দর প্রস্তাব করে। ফলে প্রতিষ্ঠানটির মালিকানা পেতে স্ট্যান্ডার্ড ব্যাংকের কোনো বাধা থাকছে না। দরপত্রে অংশগ্রহণকারী অন্য প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই ছিল ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে ছিল ওয়ান ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, ঢাকা সিকিউরিটিজ, এএনডব্লিউ অ্যাসোসিয়েটস, মেঘনা লাইফ ইনস্যুরেন্স ও ট্রাস্ট ব্যাংক। এর আগে গ্রাহকের শেয়ার ও অর্থ আত্মসাতের দায়ে ডিএসই কর্তৃপক্ষ এম এইচ চৌধুরী সিকিউরিটিজ নামের ব্রোকারেজ হাউসটির সদস্যপদ বাতিল করে। পরে গ্রাহকের পাওনা পরিশোধে সেটি বিক্রির উদ্যোগ নেওয়া হয়। এ জন্য পত্রিকার মাধ্যমে দুই দফা দরপত্র আহ্বান করা হয়। দুই দফায় দরপত্র আহ্বান করেও কাঙ্ক্ষিত দামে ক্রেতা খুঁজে পায়নি ডিএসই। প্রথম দুই দফা দরপত্রে প্রতিষ্ঠানটি বিক্রির জন্য সর্বনিম্ন ৪০ কোটি টাকা দামসীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কোনো সাড়া না পেয়ে গত শুক্রবার কোনো দামসীমা ছাড়াই দরপত্র আহ্বান করা হয়। ডিএসই সূত্রে জানা গেছে, এম এইচ চৌধুরী সিকিউরিটিজ ৪০০-এর অধিক গ্রাহকের শেয়ার ও নগদ অর্থ মিলিয়ে প্রায় সাড়ে ছয় কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটায়, যা পরে ডিএসইর অনুসন্ধানে উদ্ঘাটিত হয়। এ কারণে গত মার্চ মাসে ডিএসই ব্রোকারেজ হাউসটির লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়।