৩২ কোটি টাকায় বিক্রি হলো এমএইচ চৌধুরী সিকিউরিটিজ
অবশেষে ৩২ কোটি দুই লাখ টাকায় বিক্রি হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য এমএইচ চৌধুরী সিকিউরিটিজ লিমিটেড। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সর্বোচ্চ দরে হাউসটি কিনে নিয়েছে। ডিএসই সভাপতি রকিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানা।এর আগে ডিএসইর পক্ষ থেকে পত্রিকায় বিজ্ঞাপন দিলেও কোনো ক্রেতা হাউসটি কিনতে আগ্রহ দেখায়নি। তখন এর দাম হাঁকা হয়েছিল ৪০ কোটি টাকা। পরে কোনো দাম নির্ধারণ না করে আবার দরপত্র আহ্বান করা হয়।ডিএসই সূত্র জানায়, এমএইচ সিকিউরিটিজ কেনার জন্য সাতটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। এর মধ্যে স্টান্ডার্ড ব্যাংক সর্বোচ্চ ৩২ কোটি দুই লাখ টাকায় এর মালিকানা কিনতে আগ্রহ দেখায়। এরই পরিপ্রেক্ষিতে হাউসটির মালিকানা স্ট্যান্ডার্ড ব্যাংক পেয়ে যায়।দরপত্রে অংশ নেওয়া অন্য ছয়টি প্রতিষ্ঠান হলো: ঢাকা সিকিউরিটিজ (২৫ কোটি ৯৬ লাখ টাকা), মেঘনা লাইফ ইনস্যুরেন্স (২৫ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা), প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স (২০ কোটি টাকা), ট্রাস্ট ব্যাংক (২৫ কোটি ১০ হাজার টাকা), এএনডব্লিউ অ্যাসোসিয়েটস (২৪ কোটি ১ লাখ ১ হাজার টাকা) ও ওয়ান ব্যাংক (২২ কোটি টাকা)। গ্রাহকদের অর্থ ও শেয়ার-সংক্রান্ত হিসাবে বড় ধরনের গরমিল পাওয়ায় ডিএসই কর্তৃপক্ষ গত ১৩ মার্চ এমএইচ চৌধুরী সিকিউরিটিজের সব ধরনের লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। পরে ১০ মে গ্রাহকদের পাওনা শেয়ার ও অর্থ পরিশোধে ব্যর্থতার কথা স্বীকার করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী সিকিউরিটিজ আইন অনুযায়ী সদস্যপদ বিক্রি করে গ্রাহকদের পাওনা পরিশোধের আবেদন করেন।