৩২০০ কোটি টাকা বকেয়া বিটিসিএল ও টেলিটকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৫০০ কোটি টাকার বকেয়া পরিশোধ করতে না পারায় সম্প্রতি দেশের প্রথম মুঠোফোন অপারেটর সিটিসেলের কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একই কারণে বর্তমানে ছয়টি আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরের কার্যক্রমও বন্ধ আছে। অথচ ৩ হাজার ২০০ কোটি টাকার বেশি বকেয়া রেখেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকারি টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও টেলিটক।

খাত-সংশ্লিষ্টরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই বিটিআরসির একই নীতি থাকা উচিত। শুধু বেসরকারি সেবাদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে, তাদের কার্যক্রম বন্ধ বা লাইসেন্স বাতিল করলে তা এই খাতের সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করবে না। একই সঙ্গে এ ধরনের দ্বৈতনীতি সরকারি প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি ও অদক্ষতাকে আরও বেশি উৎসাহিত করবে।

বিটিআরসি থেকে পাওয়া হিসাব অনুযায়ী, বিটিসিএল ও টেলিটকের কাছে বিটিআরসির বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ২৩০ কোটি টাকা। এর মধ্যে বিটিসিএলের বকেয়ার পরিমাণ ১ হাজার ৬৪৫ কোটি টাকা আর টেলিটকের বকেয়ার পরিমাণ ১ হাজার ৫৮৫ কোটি টাকা। ভয়েস ক্যারিয়ার, আইজিডব্লিউ, আইসিএক্স, আইআইজি, পিএসটিএন, আইএসপি, এনটিটিএন—সাত রকমের টেলিযোগাযোগ সেবা দিতে বিটিসিএলের লাইসেন্স আছে। ২০০৮ সাল থেকে কোম্পানি হিসেবে যাত্রা শুরুর পর থেকেই লাইসেন্স ফি, রাজস্ব ভাগাভাগি, তরঙ্গের মূল্য পরিশোধ বাবদ বিটিসিএলের এ টাকা বকেয়া দাঁড়িয়েছে। আর টেলিটকের বকেয়ার পুরো টাকাই তৃতীয় প্রজন্মের (থ্রিজি) লাইসেন্স বাবদ। ২০১২ সাল থেকে ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডে ১০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ নিয়ে থ্রিজি সেবা দিয়ে আসছে টেলিটক। এ জন্য এখন পর্যন্ত থ্রিজির লাইসেন্সও নেয়নি টেলিটক।

বিটিআরসি সূত্রে জানা গেছে, টেলিটক ও বিটিসিএলের বকেয়া আদায়ে নিয়ন্ত্রক সংস্থার নিয়মিত কমিশন বৈঠকে একাধিকবার আলোচনা হয়েছে। বকেয়া আদায়ে সময়সীমা বেঁধে দিয়ে একাধিকবার চিঠিও পাঠানো হয়েছে প্রতিষ্ঠান দুটিকে। এ ছাড়া টেলিযোগাযোগ আইন ও পাবলিক ডিমান্ড রিকভারি আইনের আওতায় মামলা করারও উদ্যোগ বিটিআরসির পক্ষ থেকে গত বছর নেওয়া হয়েছিল। তবে সে উদ্যোগ আর এগোয়নি।

বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী বিটিআরসির লাইসেন্সপ্রাপ্ত যে প্রতিষ্ঠানেরই বকেয়া থাকবে, তাদের লাইসেন্সই বাতিল হয়ে যাবে। এখানে একটি বা দুটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে আলাদা করে দেখার সুযোগ নেই।

বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বকেয়া আদায়ে বিটিআরসির সদিচ্ছার কোনো অভাব নেই। ডাক ও টেলিযোগাযোগসচিব পদাধিকারবলে বিটিসিএল ও টেলিটকের বোর্ডের চেয়ারম্যান। তাই বিটিআরসির পক্ষে এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন।

টেলিযোগাযোগভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লার্ন এশিয়ার জ্যেষ্ঠ গবেষক আবু সাইদ খান বলেন, বকেয়া আদায়ে এমন দ্বৈতনীতি সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক নয়। এতে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে।