৩২৫ কিলোমিটার পথে পণ্য পরিবহনে ২১ দিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কমলাপুরের অভ্যন্তরীণ কনটেইনার ডিপোর (আইসিডি) উদ্দেশে চট্টগ্রাম বন্দর থেকে শনিবার রেলযোগে ৭০ কনটেইনার পণ্য পাঠানো হয়েছে, যা গতকাল রোববার গন্তব্যে গিয়ে পৌঁছেছে। এসব কনটেইনার জাহাজ থেকে বন্দরে নামানো হয়েছিল ২০ দিন আগে! অর্থাৎ চট্টগ্রাম বন্দর থেকে রেলপথে ৩২৫ কিলোমিটার দূরে ঢাকার কমলাপুরে পণ্যভর্তি কনটেইনার নিয়ে যেতে অপেক্ষাসহ এখন সময় লাগছে ২১ দিন!
অথচ জাহাজ থেকে বন্দরে নামানোর পর শুল্কায়ন করে তিন-চার দিনের মধ্যেই সড়কপথে ঢাকা ও আশপাশের কারখানা বা গুদামে আমদানি পণ্য নেওয়ার সুযোগ ছিল ব্যবসায়ীদের। কিন্তু দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে মহাসড়কের পরিবর্তে রেলপথের ওপর নির্ভর করেও ব্যবসায়ীরা বেকায়দায় পড়েছেন।
একইভাবে রেলপথে ঢাকা থেকে বন্দরে এনে জাহাজেও নির্ধারিত সময়ে রপ্তানি পণ্য তুলে দেওয়া যাচ্ছে না বলে ব্যবসায়ীরা জানান।
রেলপথে বিলম্বের কারণে ঢাকা ও আশপাশের এলাকার আমদানিকারকেরা সময়মতো পণ্য খালাসের সুযোগ পাচ্ছেন না। এ ক্ষেত্রে বাণিজ্যিক পণ্য আমদানিকারকদের পাশাপাশি শিল্পপণ্যের আমদানিকারকেরাও সমস্যার মুখে রয়েছেন।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, আগে যেখানে রেলে নিয়মিত ১২০ একক কনটেইনার পরিবহন হতো, সেখানে এখন ৬০ থেকে ৭০ এককের বেশি কনটেইনার পরিবহন হচ্ছে না। এতে বন্দর চত্বরে ঢাকাগামী কনটেইনারের (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬টিতে।
সৈয়দ ফরহাদ উদ্দিন আরও বলেন, ‘রেলওয়েকে আমরা তাগাদা দিচ্ছি। তবে কোনো আমদানিকারক জরুরি মনে করলে দলিলপত্র সংশোধন করে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও নৌ-টার্মিনালে নিয়ে যেতে পারবেন। একইভাবে পানগাঁও থেকে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনের ব্যবস্থাও রাখা হয়েছে।’
বন্দরের হিসাব অনুযায়ী গতকাল সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় জাহাজ থেকে নামানো হয় ২১৩ একক কনটেইনার। একই সময়ে বন্দর থেকে কমলাপুর ডিপোতে রেলে পরিবহন হয়েছে ৭০ একক কনটেইনার। অর্থাৎ এক দিনেই রয়ে গেছে ১৪৩ একক কনটেইনার। যে হারে জাহাজ থেকে নামানো হচ্ছে সেই হারে পরিবহন করতে না পারায় বন্দর চত্বরে নিয়মিত বাড়ছে কনটেইনারের সংখ্যা।
কনটেইনার ও জাহাজ পরিচালনাকারী সংস্থা সিএমএ সিজিএম বাংলাদেশ শিপিং লিমিটেডের মহাব্যবস্থাপক ওয়াহিদ আলম প্রথম আলোকে বলেন, রপ্তানি পণ্যবাহী কনটেইনার কমলাপুর ডিপোতে বুঝিয়ে দেওয়ার পর এক-দুই দিনে চট্টগ্রাম বন্দরে আনা যেত। এখন সেখানে সময় লাগছে চার থেকে পাঁচ দিন। আর আগে আমদানি পণ্যভর্তি কনটেইনার চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় ছয়-সাত দিনে নেওয়া সম্ভব হলেও এখন তার তিন গুণ বেশি সময় লেগে যাচ্ছে। এ কারণে আমদানি-রপ্তানিকারকেরা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
হিসাব করে দেখা গেছে, রেলওয়ের মাধ্যমে পণ্য পরিবহনের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করা হলেও শুধু বন্দরে জমে থাকা কনটেইনার ঢাকায় পরিবহন করতে সময় লাগবে নয় দিন। কিন্তু এ নয় দিনে জাহাজ থেকে নামানো হবে অন্তত ৮০০ থেকে ৯০০ কনটেইনার। অর্থাৎ শিগগির কনটেইনার জট কাটছে না।
জানতে চাইলে পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান পরিচালন কর্মকর্তা মিয়া জাহান প্রথম আলোকে বলেন, রেলে আমদানি-রপ্তানিমুখী পণ্যভর্তি কনটেইনার পরিবহন বেড়েছে। সে জন্য বন্দরে কনটেইনার জমলেও শিগগিরই এ সংখ্যা কমে আসবে। কারণ, চট্টগ্রাম বন্দর থেকে এখন রেলওয়ের মাধ্যমে ঢাকার কমলাপুরে নিয়মিত কনটেইনার পরিবহন হচ্ছে।