৩৩ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীর তীর-সংলগ্ন এলাকায় জনসাধারণ ও শিল্পকারখানায় সুপেয় পানি সরবরাহ করবে চট্টগ্রাম ওয়াসা। এ জন্য ১ হাজার ৩৬ কোটি টাকার ‘ভান্ডাল জুড়ি পানি সরবরাহ প্রকল্প’ নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় বৃহৎ আকারের পানি শোধনাগার, পানি সংরক্ষণ আধারসহ ১১৩ কিলোমিটার সরবরাহ লাইন স্থাপন করা হবে।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, এ প্রকল্পটি বাস্তবায়িত হলে কর্ণফুলী নদীর তীর-সংলগ্ন বোয়ালখালী, পটিয়া ও আনোয়ারা এলাকায় পাইপলাইনের মাধ্যমে ৬০ এমএলডি পানি সরবরাহ করা সম্ভব হবে। দেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে দুটি সরকারি ও একটি বেসরকারি ইপিজেড রয়েছে। প্রতিনিয়তই চট্টগ্রামে জ্যামিতিক হারে শিল্পকারখানা হচ্ছে। একই সঙ্গে দ্রুত জনসংখ্যাও বাড়ছে। বর্তমানে চট্টগ্রাম ওয়াসা চাহিদার ৪২ শতাংশ মেটাতে পারছে। তাই নতুন প্রকল্পটি হলে চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহের সক্ষমতা বাড়বে।
প্রকল্পটির মেয়াদকাল ধরা হয়েছে ২০১৫ সালের অক্টোবর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত। এ প্রকল্পে ৭৫৪ কোটি টাকা বিদেশি সহায়তা পাওয়া যাবে।
এ প্রকল্পটিসহ গতকালের একনেক সভায় মোট ৩৩ হাজার ১৮৫ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ব্যয় সংশোধনের প্রস্তাবও পাস হয়। এর ফলে পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ২৮ হাজার ৭৯৩ কোটি টাকায় উন্নীত হলো।
একনেক সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ১ হাজার ৭৮২ কোটি টাকার স্কিলস অ্যান্ড ট্রেনিং অ্যানহ্যান্সমেন্ট প্রজেক্ট; ১২৯ কোটি ৭৩ লাখ টাকার গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন; ১৮০ কোটি ৫৯ লাখ টাকার বিলুপ্ত ছিটমহলসমূহের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন; ৫২ কোটি টাকার বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমির প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও জোরদারকরণ; ৪৮ কোটি ২৭ লাখ টাকার জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি শক্তিশালীকরণ; ২৮৩ কোটি টাকার বাগেরহাট জেলার পোল্ডার নম্বর ৩৬/১-এর পুনর্বাসন; ৮০৭ কোটি ৫৫ লাখ টাকার নিউ হরিপুর পাওয়ার প্ল্যান্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং ৭২ কোটি টাকার বিটাকের কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে টেস্টিং সুবিধাসহ টুল ইনস্টিটিউট স্থাপন।