৩৩২ কোটি টাকা আনতে সময় চায় এবি ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অফশোর ব্যাংকের আড়ালে পাচার করা অর্থের ৪ কোটি ২৪ লাখ ডলার (বাংলাদেশি ৩৩২ কোটি টাকা) ফেরত আনতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে বেসরকারি খাতের এবি ব্যাংক। ব্যাংকটির অফশোর ইউনিট থেকে নেওয়া ঋণের মধ্যে ইতিমধ্যে পুরো অংশ ফেরত দিয়েছে গ্লোবাল এমই জেনারেল ট্রেডিং, যার বাংলাদেশি অংশীদার রহিমআফরোজ গ্লোবাল লিমিটেড। বাংলাদেশ ব্যাংককে এক চিঠিতে এ আবেদন করেছেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম আহমেদ চৌধুরী।
জানা গেছে, এবি ব্যাংকের অফশোর ইউনিট থেকে চার বিদেশি কোম্পানির নামে ৫ কোটি ১০ লাখ ডলার (বাংলাদেশি ৪০০ কোটি টাকা) ঋণ দেওয়া হয়। যা সুদসহ হয়েছে ৪৬৬ কোটি টাকা। তবে প্রতিষ্ঠান চারটি যে উদ্দেশ্যে ঋণ নেয়, তার কোনোটাই যথাযথ ব্যবহার করেনি। প্রতিষ্ঠান চারটি হলো সংযুক্ত আরব আমিরাতের গ্লোবাল এমই জেনারেল ট্রেডিং ও সিমাট জেনারেল ট্রেডিং, সিঙ্গাপুরের এটিজেড কমিউনিকেশন ও ইউরোকার্স হোল্ডিং।
কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে বেরিয়ে আসে, ঋণের অর্থ পাচার করা হয়েছে। ঋণের অর্থ পাচার হয় সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতে। এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক গত ৩১ মের মধ্যে অর্থ ফেরত আনার নির্দেশ দেয়। অর্থ ফেরত না এলে ৩০ জুনের মধ্যে ক্ষতিজনক মানে খেলাপি করার নির্দেশ দেওয়া হয়। তবে ব্যাংকটি এ নির্দেশনা না মেনে সময় বাড়ানোর আবেদন করেছে।
এবি ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার নির্দেশনা দিলে গ্লোবাল এমই জেনারেল ট্রেডিং পুরো অর্থ ফেরত দেয়। অন্য তিনটি প্রতিষ্ঠান কিছু অর্থ ফেরত দিয়েছে। বাকি টাকা ফেরত দিতে প্রতিষ্ঠান তিনটি সময় চেয়েছে।
বাংলাদেশ ব্যাংকে পাঠানো চিঠিতে এবি ব্যাংক বলেছে, সিমাট জেনারেল ট্রেডিং, এটিজেড কমিউনিকেশন ও ইউরোকার্স হোল্ডিং ১ কোটি ৫৬ লাখ ডলার (বাংলাদেশি ১২২ কোটি টাকা) ফেরত দিয়েছে। বাকি ৩৩২ কোটি টাকা ফেরত দিতে প্রতিষ্ঠান তিনটি চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে। সিমাট জেনারেল ট্রেডিংয়ের কাছে পাওনা রয়েছে ১৬৯ কোটি, এটিজেড কমিউনিকেশনের কাছে ৭২ কোটি ও ইউরোকার্স হোল্ডিংয়ের কাছে ৯১ কোটি টাকা। এবি ব্যাংক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে চিঠিতে জানানো হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আবেদনের পরিপ্রেক্ষিতে এবি ব্যাংককে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অর্থ ফেরত আনতে সময় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিগগির চিঠি দিয়ে ব্যাংকটিকে তা জানানো হবে। এদিকে এবি ব্যাংকের অর্থ পাচারের বিষয়ে তথ্য নিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা গেছে।
টাকার অঙ্কে দেশে ব্যাংক খাতে এর আগে আরও বড় ধরনের জালিয়াতি হলেও অফশোর ব্যাংকিং ইউনিটে এটাই বড় ঘটনা। অফশোর ব্যাংকিং হলো ব্যাংকের অভ্যন্তরে পৃথক ব্যাংকিং। বিদেশি কোম্পানিকে ঋণ প্রদান ও বিদেশি উৎস থেকে আমানত সংগ্রহের সুযোগ রয়েছে অফশোর ব্যাংকিংয়ে। বিশ্বব্যাপী অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাচারের বিষয়টি এখন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ‘পানামা পেপারস’ নামে অর্থ পাচারের যে ঘটনা ফাঁস করা হয়েছে, তা মূলত অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমেই ঘটেছে। গত ২৬ এপ্রিল প্রথম আলোতে এবি ব্যাংকে ‘অফশোর ব্যাংকিংয়ের আড়ালে ৩৪০ কোটি টাকা পাচার’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।
এবি ব্যাংকের এমডি শামীম আহমেদ চৌধুরী দেশের বাইরে আছেন, তাই তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তিনি আগামী ৮ আগস্ট যোগদান করবেন বলে জানা গেছে। এ সময় ব্যাংকটির এমডির চলতি দায়িত্বে আছেন উপব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান চৌধুরী। তিনিও এড়িয়ে গেছেন। ব্যাংকটির করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।