জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সারকারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) গ্যাস সরবরাহ সচল হওয়ায় গতকাল মঙ্গলবার থেকে ফের সার উৎপাদন শুরু হয়েছে।গ্যাস সরবরাহ বন্ধ থাকায় যমুনা সারকারখানা কোম্পানি কর্তৃপক্ষকে ৩৪ দিন ধরে সার উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল।যমুনা সারকারখানা সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট গ্যাসের সংকট দেখা দেওয়া ও গ্যাসের কমপ্রেসার কমে যাওয়ায় সার উৎপাদন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। এদিকে গ্যাস সরবরাহ সচল হওয়ায় ও গ্যাসের কমপ্রেসার বৃদ্ধি পাওয়ায় আবার সার উৎপাদন শুরু করা হয়েছে।কারখানা সূত্রে আরও জানা যায়, গত ২ এপ্রিল থেকে বার্ষিক যান্ত্রিক মেরামত ও গ্যাস সরবরাহ না থাকায় পাঁচ মাস কারখানায় সার উৎপাদন বন্ধ থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের ৬২ লাখ টাকা অতিরিক্ত বেতন-ভাতা দেওয়া হয়েছে।যমুনা সারকারখানা কোম্পানি লিমিটেডের (জেএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আহসানুজ্জামান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, গ্যাস সরবরাহ সচল হওয়ায় দুপুরে আবার সার উৎপাদন শুরু করা হয়েছে।