৩৪৫, নাকি ১৭০০ টাকা!
সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরীতে প্লটের দাম নিয়ে ট্যানারি মালিক ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মধ্যে টানাপোড়েন চলছে। বিসিক প্রতি বর্গফুট জমির জন্য ১ হাজার ৭০০ টাকা দাবি করলেও ট্যানারি মালিকেরা বলছেন, এটি অযৌক্তিক। প্রতি বর্গফুটের জন্য তাঁরা দিতে চান সর্বোচ্চ ৩৪৫ টাকা।
জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় (একনেক) গত ২০০৩ সালের ১৬ আগস্ট ‘চামড়া শিল্পনগর-সাভার, ঢাকা’ নামের একটি প্রকল্প অনুমোদিত হয়। সাভারের হেমায়েতপুরের হরিণধরা গ্রামে ধলেশ্বরী নদীর তীরে ১৯৯.৪০ একর জমির ওপর শিল্পনগরীটি গড়ে উঠেছে। এতে হাজারীবাগের ১৫৪টি ট্যানারি স্থানান্তরিত হবে। ২০১৩ সালে প্রকল্পটি দ্বিতীয় দফায় সংশোধন করা হয়। তাতে মোট ব্যয় দাঁড়ায় ১ হাজার ৭৯ কোটি টাকা করা হয়। মোট ব্যয়ের মধ্যে ট্যানারি মালিকদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হচ্ছে ২৫০ কোটি টাকা। কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি), ডাম্পিং ইয়ার্ড ইত্যাদির নির্মাণ ব্যয় ৬৩৮ কোটি ৭৯ লাখ টাকা। তবে প্রকল্পের ব্যয় বাড়লেও জমির দাম নতুন করে বাড়েনি। প্রকল্পের ব্যয় বেড়ে যাওয়ার কারণেই এখন মালিকদের বেশি দাম দিতে হচ্ছে।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ গত সপ্তাহে বলেন, প্রতিটি প্লটের মূল্য ১০ কিস্তিতে অনেক মালিকই পরিশোধ করে দিয়েছেন। কথা ছিল ১৯০ টাকা বর্গফুট হিসেবে প্লটের দাম দিয়ে দিলে সংশ্লিষ্ট মালিকের নামে নিবন্ধন করে দেবে বিসিক। সেটি তো করছেই না, উল্টো প্রতি বর্গফুটের দাম চাচ্ছে ১ হাজার ৭০০ টাকা।
বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সাবেক চেয়ারম্যান আবু তাহের বলেন, সিইটিপি নির্মাণ ব্যয়ের ৬৩৮ কোটি ৭৯ লাখ টাকার মধ্যে ২০ শতাংশ অর্থাৎ ১২৭ কোটি টাকা অর্থ মালিকদের দেওয়ার কথা। তাতে জমির দাম দাঁড়ায় ৩৪৫ টাকা প্রতি বর্গফুট। কিন্তু বর্তমান প্রকল্প পরিচালক হঠাৎ করেই পুরো প্রকল্পের টাকাই দিতে হবে। এমনকি মালিকদের ট্যানারি বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।
জানতে চাইলে চামড়া শিল্পনগরী প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুল কাইউম প্রথম আলোকে বলেন, ক্ষতিপূরণ বাদ দিলে পুরো প্রকল্পের ব্যয় ৮২৯ কোটি টাকা। এই টাকার ২০ শতাংশ অর্থ ৫ শতাংশ সুদে মালিকেরা দিতে রাজি। বাকি ৮০ শতাংশ ইকুইটি। এটি তো মালিকদের কয়েকটি কিস্তিতে বিনা সুদে দিতে হবে। তবে মালিকেরা বলছেন, তাঁদের আগে জানানো হয়নি। এই অভিযোগ ঠিক নয়। নিয়মটি পরিবর্তন করতে হলে একনেকের বৈঠকে তুলতে হবে। এটি প্রক্রিয়াধীন আছে। তিনি আরও বলেন, নতুন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ১ হাজার ৭০০ টাকা বর্গফুট হিসেবে পরিশোধ করলেই মালিকদের নামে জমি নিবন্ধন করে দেওয়া হবে।