৩৫ টাকা পর্যন্ত মাশুল লাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলারিং মেশিন) বুথ ব্যবহার করে টাকা তুললে এখনই ৩৫ টাকা পর্যন্ত গ্রাহকের কাছ থেকে কেটে নেওয়া হয়। আর এর সঙ্গে স্থিতি জানার স্লিপ বা রসিদের জন্য আরও ৫ টাকা নেওয়া হয়। উভয় ক্ষেত্রেই আরও আছে ভ্যাট বা মূসক।
এ নিয়েই গ্রাহকদের মধ্যে রয়েছে অসন্তোষ।
যদিও বাংলাদেশ ব্যাংকের বর্তমান সিদ্ধান্ত হচ্ছে, প্রতি লেনদেনে যে ৩০ টাকার মতো খরচ হয়, তা থেকে কার্ড ইস্যুকারী ব্যাংক, গ্রাহক ও এটিএম বুথের ব্যাংক সমানভাবে অর্থাৎ ১০ টাকা করে দেবে।
এখন বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে, অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে টাকা তুললে প্রতি লেনদেনে ২০ টাকা খরচ হবে; যা গ্রাহককে পরিশোধ করতে হবে। কিন্তু ইতিমধ্যে গ্রাহককে ৩৫ টাকা পর্যন্ত দিতে হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন এ সিদ্ধান্তটি এসেছে গত ১৫ ডিসেম্বর গভর্নরের সভাপতিত্বে অনুষ্ঠিত সব ব্যাংকের শীর্ষ নির্বাহীদের নিয়ে গঠিত ব্যাংকার্স বৈঠকে।
প্রশ্ন উঠেছে, এত দিন ধরে গ্রাহককে যে ৩০ থেকে ৩৫ টাকা দিতে হচ্ছে, সেটি কোন সিদ্ধান্ত অনুসারে?
বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকুরে ডি এম ফেরদৌস ইফতেখার প্রথম আলোকে জানান, এবি ব্যাংকে তাঁর ব্যাংক হিসাবের বিপরীতে একটি এটিএম কার্ড রয়েছে। তিনি যদি এটি দিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা তোলেন, তাহলে প্রতিটি লেনদেনের জন্য এখনই ৩৫ টাকা, স্লিপ বাবদ ৫ টাকা ও মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) পরিশোধ করতে হয়।
একইভাবে ঢাকা ব্যাংকের এটিএম কার্ডধারী একজন গ্রাহক বলেন, এবি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুললে প্রতি লেনদেনে ২৯ টাকা খরচ হচ্ছে। তবে গত এক মাস তিনি অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারছেন না বলে জানান। তিনি স্থিতির স্লিপ নেন না।
ইফতেখার অবশ্য বলেন, যদি ঢাকার বাইরে গিয়ে হঠাৎ টাকার প্রয়োজন পড়ে এবং সেখানে যদি গ্রাহকের ব্যাংকের বুথ না থাকে তাহলে হয়তো প্রয়োজনের তাগিদে তা মেনে নিতে হয়। কিন্তু এটা বেশি। কেননা এটা ব্যয়বহুল, যা কার্ড ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে—এমন মনে হয় না।
এদিকে একটি সূত্র জানাচ্ছে, অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে টাকা তুললে গ্রাহক পর্যায়ে চার্জ দ্বিগুণ করার নতুন সিদ্ধান্তটি পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ। তারা বলেছে, একজন গ্রাহক প্রতি লেনদেনে ২০ টাকা পরিশোধ করলে এ সেবার উদ্দেশ্য ব্যাহত হতে পারে।
জানা যায়, কার্ড ব্যবহারের মাধ্যমে নগদ অর্থ বহনের ঝুঁকি কমানোর লক্ষ্যে ন্যাশনাল পেমেন্ট সুইচ বা এনপিএস চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। বড় অঙ্কের অর্থ ব্যয় করে এনপিএস চালু করলেও এটিকে ব্যয় সাশ্রয়ী করতে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংক থেকে এই সেবা সরবরাহের বিপরীতে কোনো টাকা নেয় না। আন্তব্যাংক এটিএম, পয়েন্ট অব সেলস (পস), ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং—এই চার ধরনের সেবা দেওয়ার লক্ষ্যে এটি চালু করা হয়েছে। যদিও এখন পর্যন্ত শুধু এটিএম সেবা দেওয়া হচ্ছে। তুলনামূলক কম চার্জের কারণে এ সেবা দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যদি কোনো ব্যাংক এনপিএসে যুক্ত হয়ে থাকে এবং তার পরও বেশি পরিমাণে অর্থ গ্রাহকের কাছ থেকে কেটে নেয়, তাহলে গ্রাহক কেন্দ্রীয় ব্যাংকে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, আন্তব্যাংক এটিএম কার্যক্রমে বর্তমানে ৩১টি ব্যাংক যুক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন ব্যাংকের এক কোটির বেশি ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহক রয়েছে। সারা দেশে থাকা ব্যাংকগুলোর প্রায় ছয় হাজার এটিএম বুথের মাধ্যমে এসব গ্রাহক সেবা নিচ্ছেন। এর মধ্যে কেবল ডাচ্-বাংলা ব্যাংকেরই সারা দেশে প্রায় আড়াই হাজার এটিএম বুথ রয়েছে। এটিএম বুথের মাধ্যমে বছরে ৬৫ হাজার ৫০০ কোটি টাকার লেনদেন হয়।
যোগাযোগ করা হলে ব্যাংকে শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবির সভাপতি ও ইষ্টার্ন ব্যাংকের প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, ‘অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহারে আমরা সব ব্যাংকের ক্ষেত্রেই একই পরিমাণ সেবা মাসুল নেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আশা করি এটা হয়ে যাবে।’ তিনি বলেন, এটা ২০ টাকা করার সিদ্ধান্তটি সেখান থেকেই এসেছে।
এনপিএসে যুক্ত ব্যাংকগুলো হলো ডাচ্-বাংলা, ব্র্যাক, ইসলামী, প্রাইম, পূবালী, ইস্টার্ন, মিউচুয়াল ট্রাস্ট, আল-আরাফাহ্ ইসলামী, সাউথইস্ট, স্ট্যান্ডার্ড, এবি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, বেসিক, ব্যাংক এশিয়া, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, আইএফআইসি, যমুনা, ন্যাশনাল, শাহ্জালাল ইসলামী, সোস্যাল ইসলামী, ট্রাস্ট, উত্তরা, দ্য সিটি, ওয়ান, মার্কেন্টাইল, এনআরবি কমার্শিয়াল, সাউথ বাংলা এগ্রিকালচার, মেঘনা, মিডল্যান্ড, মধুমতি ও এনআরবি গ্লোবাল।