৩৭ জাহাজে আটকা ছয় লাখ টন পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি আমদানির ৫০ হাজার ৫২০ টন গম নিয়ে ‘এমভি স্পার ড্রাকো’ জাহাজটি সাগরের কুতুবদিয়া এলাকায় পৌঁছায় গত ১৬ জুন। গভীর সমুদ্রে কিছু পণ্য খালাস করে জাহাজটি বন্দর জলসীমায় পৌঁছায় গত ৮ জুলাই। এই জাহাজে এখন খালাসের অপেক্ষায় আছে দুই হাজার ১০০ টন গম। কিন্তু বৃষ্টি ও সাগর উত্তাল থাকায় পণ্য খালাস ব্যাহত হওয়ায় জাহাজটি বন্দর ছেড়ে যেতে পারছে না।
এই জাহাজ থেকে পণ্য খালাসের দায়িত্ব পালনকারী ‘অ্যারিয়েন স্টিভিডোরস লিমিটেড’-এর পরিচালক সরওয়ার হোসেন সাগর গতকাল শনিবার প্রথম আলোকে জানান, এসব গম লাইটার জাহাজে বোঝাই করে মংলায় নেওয়ার কথা। কিন্তু ভারী বর্ষণের কারণে গত কয়েক দিনে জাহাজ থেকে পণ্য খালাস করা যাচ্ছে না।
এই জাহাজের মতো বন্দরের জলসীমায় এবং কুতুবদিয়া গভীর সাগরে ৩৭টি বড় আকারের জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। চট্টগ্রাম বন্দরের হিসাব অনুযায়ী, গত জুলাই থেকে চলতি মাসের ১৪ তারিখ পর্যন্ত সময়ে এই ৩৭টি জাহাজ প্রায় ১৩ লাখ টন পণ্য নিয়ে বন্দরের জলসীমায় আসে। সর্বশেষ হিসাবে এসব জাহাজে এখনো প্রায় ছয় লাখ টন পণ্য রয়ে গেছে। এসব জাহাজে অশোধিত চিনি, গম, মটর ডাল, সার, লবণ, সয়াবীজ ও সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকার রয়েছে।
এসব জাহাজের দৈর্ঘ্য এবং পানির নিচের অংশে গভীরতা বেশি থাকায় বন্দর জেটিতে ভিড়তে পারে না। এ কারণে সাগরে পণ্যবাহী বড় জাহাজ থেকে প্রথমে ছোট আকারের লাইটার জাহাজে যন্ত্রের মাধ্যমে পণ্য হস্তান্তর করা হয়। এরপর পণ্যবোঝাই ছোট জাহাজগুলো নদীতে এনে বেসরকারি ঘাটগুলোতে ভিড়িয়ে পণ্য খালাস করা হয়। বড় জাহাজ থেকে পণ্য খালাসের সময় জাহাজের খোলের মুখের ঢাকনা খুলে রাখতে হয়। বৃষ্টি হলে পানি পড়ে পণ্য নষ্ট হয়ে যায়। এ কারণে বৃষ্টির আভাস পাওয়ার আগে ঢাকনা বন্ধ রাখতে হয়।
বড় জাহাজ থেকে পণ্য খালাসের জন্য ছোট আকারের লাইটার জাহাজ বরাদ্দ দেয় বেসরকারি ‘ওয়াটার ট্রান্সপোর্ট সেল’ নামের একটি সংস্থা। এর বাইরে কিছুসংখ্যক শিল্প গ্রুপের আমদানি পণ্য নিজেদের মালিকানাধীন লাইটার জাহাজের মাধ্যমে বড় জাহাজ থেকে পণ্য স্থানান্তর করা হয়।
ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশীদ গতকাল প্রথম আলোকে বলেন, ভারী বর্ষণ ও সাগর উত্তাল থাকায় বড় জাহাজ থেকে পণ্য বোঝাই করার জন্য লাইটার জাহাজ সাগরে নেওয়া যাচ্ছে না। এ কারণে পণ্য খালাস ব্যাহত হচ্ছে।
বন্দর সূত্রে জানা গেছে, পণ্য খালাস ব্যাহত হওয়ায় পণ্যবাহী বড় জাহাজের চট্টগ্রাম বন্দরে অবস্থান সময় বেড়ে যাচ্ছে। প্রায় ৫০ হাজার টন পণ্যবাহী একটি জাহাজ থেকে স্বাভাবিক সময়ে পণ্য খালাসে সময় লাগে ১০-১২ দিন। তবে এখন সময় লাগছে দ্বিগুণেরও বেশি। যেমন, ৫৩ হাজার ৮৬০ টন গমবাহী ‘এমভি অলিম্পিক পিস’ জাহাজটি বন্দরের জলসীমায় পৌঁছায় ২৫ জুলাই। গত বৃহস্পতিবার বন্দরের তথ্য অনুযায়ী এই জাহাজে খালাসের অপেক্ষায় ছিল প্রায় ছয় হাজার টন গম। অর্থাৎ প্রায় ৪৭ হাজার টন গম খালাসে সময় লেগেছে ২০ দিন।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম ছরওয়ার প্রথম আলোকে জানান, বৃষ্টি হলে শুধু বহির্নোঙরে পণ্য খালাস
ব্যাহত হয়। তবে বৃষ্টির সময়ও বন্দরের মূল জেটিতে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম স্বাভাবিক থাকে।