৩৭ বছরে মিল্ক ভিটার সর্বোচ্চ মুনাফার রেকর্ড
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্ক ভিটা সদ্যসমাপ্ত ২০০৯-১০ অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকার মুনাফা অর্জনের রেকর্ড করেছে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এটিই হচ্ছে মিল্ক ভিটার এযাবৎকালের সর্বোচ্চ মুনাফা অর্জনের রেকর্ড।রাজধানীর তেজগাঁওয়ে গতকাল শনিবার মিল্ক ভিটার প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক নাসিম আহমেদ এই তথ্য জানান। পরে তিনি প্রথম আলোকে বলেন, দক্ষ ব্যবস্থাপনার কারণেই ২০০৯-১০ অর্থবছরে তাঁরা ১৫ কোটি ৮১ লাখ টাকা মুনাফা অর্জন করেছেন। এর আগের বছরে প্রতিষ্ঠানটি লাভ করেছিল মাত্র ছয় কোটি ৯০ লাখ টাকা।নাসিম আহমেদ জানান, ২০০৯ সালে মিল্ক ভিটার দৈনিক দুধ উৎপাদনের পরিমাণ ছিল দেড় লাখ লিটার। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১০ হাজার লিটারে। তা আগামী রমজানে দৈনিক সাড়ে তিন লাখ লিটারে উন্নীত হবে বলেও তিনি জানান।মিল্ক ভিটার সহব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, মিল্ক ভিটার দুধ বর্তমানে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। অচিরেই তা ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এ জন্য তাঁরা বিদেশ থেকে যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ আনছেন।তিনি বিগত জোট সরকারের আমলে কেনা যন্ত্রপাতিগুলোর কাজ না করা সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলেন, ‘বিষয়টি দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে।’