৩৭ বিঘা জমিতে হচ্ছে ডিএসইর অবকাশকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) অবকাশকেন্দ্র বা রিসোর্ট নির্মাণের জন্য ৩৭ বিঘা জমি কিনেছে। ডিএসইর তহবিল দিয়ে এ ধরনের বিলাসী কর্মকাণ্ড স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠার মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক বলে জানা গেছে। একই সঙ্গে এই কর্মকাণ্ড কৃষিজমি নষ্ট করে অবকাঠামো নির্মাণকে নিরুৎসাহিত করার সরকারি নীতিরও বিরোধী। তা সত্ত্বেও কয়েকজন প্রভাবশালী সদস্যের অতি উৎসাহে ঢাকার অদূরে গাজীপুরের কাপাসিয়ায় অবকাশকেন্দ্র তৈরির জন্য কৃষিজমি কেনা হয়েছে। ডিএসইর পরিচালনা পর্ষদ এর অনুমোদন দিয়েছে এবং ইতিমধ্যে জমির নিবন্ধনের কাজও শেষ। প্রতি বিঘা ১২ লাখ টাকা করে কেনা হলেও জমির প্রকৃত দর আরও বেশি বলে জানা গেছে। ডিএসইর প্রেসিডেন্ট শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ডিএসইর কর্মকর্তা ও কর্মচারীদের অবকাশ যাপনের জন্য এই জমি কেনা হয়েছে। আর ডিএসইর জন্য এটি তেমন কোনো বড় ব্যাপার নয়। তবে ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান মনে করেন, এটি এখতিয়ারবহির্ভূত কাজ হয়েছে। ডিএসইর এই কর্মকাণ্ড সংঘবিধির মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক এবং অনৈতিকও বটে। কেননা, এ ধরনের রিসোর্ট ডিএসইর অর্থে হওয়ার কথা না। তিনি আরও বলেন, স্টক এক্সচেঞ্জের উন্নয়নে বিপুল অর্থের বিনিয়োগ দরকার। সেটা না করে রিসোর্ট নির্মাণের জন্য বিনিয়োগ যৌক্তিক নয়। কারণ ডিএসই কোনো রিয়েল এস্টেট কোম্পানি নয়, একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বলছে, যদি সংঘবিধির সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে পদক্ষেপ নেওয়া হবে। সংস্থার চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার বলেন, ‘বিষয়টি ডিএসই আমাদের অবহিত করেনি। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হবে।’ সূত্র জানায়, রিসোর্টের জন্য বিপুল অর্থ ব্যয় করা হলেও দেশের প্রধান এই স্টক এক্সচেঞ্জটি দীর্ঘদিন ধরেই দুর্বল অবকাঠামো ও ট্রেডিং প্লাটফর্ম, ভুলসূচক এবং অদক্ষ ব্যবস্থাপনা নিয়ে কার্যক্রম চালাচ্ছে। চার বছর আগে সদস্যপদ বিক্রি করে নতুন ভবন নির্মাণের কাজে হাত দিলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। অযোগ্য একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার পর শেষ পর্যন্ত ওই চুক্তি বাতিল করতে হয়েছে। নতুন করে আবার দরপত্র আহ্বান করা হয়েছে। ডিএসইর বর্তমান ভবনটিও ঝুঁকিপূর্ণ বলে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে জানানো হয়েছে। এমনকি ভবনটির কোনো বিমাও করা হয়নি। এ বিষয়ে ডিএসই প্রেসিডেন্ট শাকিল রিজভী বলেন, নিকুঞ্জে অসমাপ্ত কাজটি অচিরেই নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে শুরু করা হবে। তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে বড় বিনিয়োগ চলছে। টেসা এমএএস-প্লাস নামে নতুন সফটওয়্যার ডিসেম্বরের মধ্যেই সংযোজন করা হবে। এতে বিনিয়োগকারীরা ইন্টারনেটের মাধ্যমে ব্রোকারেজ হাউসে লেনদেন আদেশ দিতে পারবেন।সূত্রমতে, ডিএসইর তহবিলের ব্যবস্থাপনায় নানা অনিয়মের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। পুরোনো ভবনের সংস্কার ও কিছুদিন পরপর নির্বাহীদের কার্যালয়ের সাজসজ্জায় ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। সদস্যদের ব্যক্তিগত বিমার অর্থও পরিশোধ করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সর্বশেষ প্রকাশিত ২০০৮-০৯ অর্থবছরের নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী, সদস্যদের বিমা প্রিমিয়ামের অর্থ পরিশোধ বাবদ প্রায় ৬৬ লাখ টাকা ব্যয় করা হয়েছে। স্বাস্থ্যবিমার জন্য ব্যয় করা হয়েছে আরও প্রায় ২৭ লাখ টাকা। আবার ঈদ পুনর্মিলনী নামেও খরচ করা হয় ২৫ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বেলা ১১টায় লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও অনেকেই ১১টার সময় লগ ইন করতে পারে না। নাম প্রকাশ না করে একজন সদস্য অভিযোগ করে বলেন, কাউকে কাউকে আগে সুবিধা দেওয়া জন্য এটি হয় কি না, তা তদন্ত করে খতিয়ে দেখা উচিত। এসব ব্যাপারে ডিএসইর প্রযুক্তি ও কারিগরি বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম খায়রুজ্জামান বলেন, ডিএসইর সদস্যদের বর্তমানে তিন হাজারের ওপরে ওয়ার্ক স্টেশন আছে। হঠাৎ করে কিছু স্টেশনে কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে কেউ অভিযোগ করলে সঙ্গে সঙ্গে মেরামত করা হয়।