৩৮ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আয়োজিত ৩৮ দিনব্যাপী জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ ২০১০) আজ রোববার শেষ হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। মেলায় অংশগ্রহণকারীরা এবারের বেচাবিক্রি নিয়ে খুবই খুশি। প্রথম দিন থেকেই বিপুলসংখ্যক দর্শক-ক্রেতা এসেছিল। গতবারের চেয়ে এবার মেলায় দর্শক-ক্রেতার সংখ্যা ও বেচাবিক্রি বেশি হয়েছে। মেলা প্রাঙ্গণে আজ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।মেলার শেষ দিকে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হামলায় পার্কিং করা দেড় শতাধিক গাড়ি ভাঙচুরের ঘটনা ছাড়া এবারের মেলায় বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। এবারের মেলায় ৮-১০টি বিদেশি বাণিজ্য প্রতিনিধিদল প্রদর্শনে এসেছিল, যা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি বলে ইপিবি জানিয়েছে।কেউ কেউ আরও অভিযোগ করেছে, নামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলা হলেও আসলে তা বারোয়ারি মেলায় পরিণত হয়েছে। মেলায় রপ্তানির চেয়ে স্থানীয়ভাবে বেচাবিক্রিই সবার উদ্দেশ্য।এ প্রসঙ্গে একজন রপ্তানিকারক জানান, মেলায় রপ্তানির পাশাপাশি স্থানীয় বাজার বাড়ানোর উদ্দেশ্য থাকে। কোনো পণ্য নিজের দেশে বাজার না পেলে রপ্তানি বাড়ানো যায় না। মেলায় এসে স্থানীয় ক্রেতারা বিদেশি পণ্যের সঙ্গে স্থানীয় পণ্যের মান যাচাইয়ের সুযোগ পায়। আর স্থানীয় পণ্যের মান ভালো হলেই তারা বিদেশি পণ্যের পরিবর্তে স্থানীয় পণ্যের দিকে ঝুঁকে পড়ে। এতে দেশীয় উত্পাদকেরা স্থানীয় বাজার বাড়ানোর পাশাপশি রপ্তানি বাড়ানোর সুযোগ পেয়ে যান।ইপিবির পরিচালক এম আবদুর রহমান প্রথম আলোকে বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া মেলা ভালোভাবে চলেছে। দর্শক-ক্রেতার আগমন ও বেচাবিক্রি বেশ ভালো হয়েছে। এ ছাড়া এবারের মেলায় শ্রীলঙ্কা, চীন, জাপান, থাইল্যান্ড, ভারত, নেপালসহ আরও কয়েকটি দেশের বাণিজ্য প্রতিনিধিদল তাদের পণ্য প্রদর্শন করে। গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকে দর্শক-ক্রেতার বেশি ভিড় ছিল। আর বিকেলের দিকে মানুষের ভিড় ছিল উপচে পড়ার মতো। তা ছাড়া শেষের আগের দিন হওয়ায় প্রত্যেকেই শেষ কেনাকাটা করার জন্য ব্যস্ত ছিল। মেলা থেকে বের হওয়া প্রত্যেক দর্শককে কিছু না কিছু কিনে নিয়ে যেতে দেখা গেছে। গতকাল লক্ষাধিক দর্শক-ক্রেতা মেলায় এসেছিল।ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে আরও জানা যায়, মেলায় ইলেকট্রনিকস ও গৃহস্থালি পণ্য সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। পাশাপাশি পোশাক বিশেষ করে মহিলাদের পোশাক এবং বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রীর বিক্রিও ভালো। বাণিজ্য মেলা আজ রোববার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ১৫ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ১০ টাকা।