
চট্টগ্রাম বন্দরে ৩৮ বছর পর নতুন জায়গায় কনটেইনার-ভর্তি নিলাম পণ্য রাখার ব্যবস্থা হচ্ছে। এ ধরনের কনটেইনারের সংখ্যা বেড়ে বন্দরের পরিচালন কার্যক্রমে ব্যাঘাত ঘটতে থাকায় কর্তৃপক্ষ সিদ্ধান্তটি নিয়েছে।
বন্দর স্টেডিয়ামের পাশে বেসরকারি কনটেইনার ডিপো চিটাগাং কনটেইনার ট্রান্সপোর্টেশন কোম্পানি লিমিটেডে (সিসিটিসিএল) নিলাম পণ্যের কনটেইনার রাখা হবে। বন্দর থেকে জমি লিজ নিয়ে এই ডিপো গড়ে তোলেন বেসরকারি উদ্যোক্তারা। যে কারণে কনটেইনার-ভর্তি নিলাম পণ্য রাখতে এই ডিপোকেই বেছে নেওয়া হয়েছে।
বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম ছরওয়ার গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘বন্দরের মূল চত্বর থেকে এসব কনটেইনার সরিয়ে নেওয়া হলে বন্দরের পরিচালন কার্যক্রম আরও গতিশীল হবে। বন্দর ব্যবহারকারীরাও এর সুফল পাবেন।’
বন্দরের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ১১টি কনটেইনার বন্দর থেকে সিসিটিসিএল ডিপোতে নেওয়ার ছাড়পত্র দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। গত মঙ্গলবার সাতটি কনটেইনার ডিপোতে স্থানান্তর করা হয়েছে। ধাপে ধাপে বাকি সব কনটেইনার সরিয়ে নেওয়া হবে। এসব কনটেইনার থেকে আমদানিকারকেরা পণ্য খালাস না করায় নিলামে তোলা হয়েছিল। কিন্তু বিক্রি করা যায়নি।
নিয়মানুযায়ী বন্দরে নামানোর পর ৩০ দিনের মধ্যে যেসব কনটেইনার খালাস হয় না, সেগুলো নিলামে তোলার জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ।
বন্দরের তথ্য অনুযায়ী, ১৯৭৭ সালে কনটেইনার পরিবহন শুরু হয়। তখন থেকে কনটেইনার-ভর্তি নিলাম পণ্য বন্দরের কনটেইনার রাখার মূল চত্বরেই রাখা হতো। কিন্তু এ ধরনের কনটেইনারের সংখ্যা কয়েক বছর ধরে বাড়ছে। এতে বন্দরের পরিচালন কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। সে জন্য এসব কনটেইনার বন্দরের মূল চত্বরের বাইরে নিতে নানা উদ্যোগ নেওয়া হলেও তাতে এত দিন কোনো কাজ হয়নি।
বন্দরের কনটেইনার অবস্থানের গতকালের প্রতিবেদনে দেখা যায়, মূল চত্বরে আমদানি পণ্যভর্তি ২৬ হাজার ৮৫৭টি কনটেইনার রাখার জায়গা আছে। গতকাল পণ্যভর্তি আমদানি কনটেইনারের সংখ্যা ছিল ২৩ হাজার ৩৭৬টি (প্রতিটি ২০ ফুট দীর্ঘ)। তবে মূল চত্বরের মোট জায়গার ১২ থেকে ১৩ শতাংশজুড়ে রয়েছে নিলাম পণ্যের কনটেইনার। এসব কনটেইনার বছরের পর বছর পড়ে আছে। গতকাল পর্যন্ত এ ধরনের কনটেইনারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৯১টি।
কাস্টমসের অতিরিক্ত কমিশনার আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে কম দামি এবং কম গুরুত্বপূর্ণ পণ্যবোঝাই কনটেইনার বাছাই করে তা স্থানান্তরের জন্য বন্দরের কাছে তালিকা দেওয়া হবে। সে জন্য এসব কনটেইনারে কী পণ্য আছে, তা সরেজমিনে যাচাই-বাছাই করে তালিকা করা হচ্ছে। তবে গাড়িসহ দামি পণ্য বা উচ্চ শুল্কের পণ্য বন্দরেই থাকবে।’
কাস্টমস সূত্রে জানা গেছে, নিয়মানুযায়ী নিলামে পণ্য বিক্রি না হলে রাজস্ব পায় না কাস্টমস। আবার বন্দরে রাখার ভাড়াও পায় না বন্দর কর্তৃপক্ষ। তবে নিলামে পণ্য বিক্রি হলে নিলাম মূল্যের ২০ শতাংশ টাকা পায় বন্দর।
নিলাম পণ্যের কনটেইনার রাখার ডিপো সিসিটিসিএলের পরিচালক ওমর ফারুক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বন্দরের জমি লিজ নিয়ে এই ডিপো গড়ে তোলা হয়েছে। বন্দরের ভাড়াটে হিসেবে আমরা বন্দরকে সহযোগিতা করতে চাই। কিন্তু সে জন্য যেসব কনটেইনার ভর্তি পণ্য দ্রুত বিক্রি হতে পারে, সেগুলো স্থানান্তর করা উচিত। বেশি পুরোনো কনটেইনার রাখা হলে বিক্রিও হবে না। ভাড়ার টাকা পাওয়ারও সুযোগ থাকবে না।’
প্রসঙ্গত, নিলামযোগ্য খোলা পণ্য রাখার জন্য বন্দর কর্তৃপক্ষ কাস্টম শেড নামে নতুন একটি ইয়ার্ড গড়ে তুলেছে। তবে বন্দরের স্টেডিয়ামের সামনে এই শেডে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া আমদানি করা লবণের একটি চালান রাখা হয়েছে। এ ছাড়া আর কোনো খোলা পণ্য রাখা হয়নি এখনো।
২০১১ সালে বন্দরের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিলামে পণ্য পড়ে থাকায় যে পরিমাণ জায়গা নষ্ট হচ্ছে, একই পরিমাণ জায়গায় বছরে সাড়ে ৭৭ হাজার একক কনটেইনার ওঠানামা করা যেত। পচনশীল পণ্য পড়ে থাকায় তা পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বলেও মতামত দেওয়া হয় ওই প্রতিবেদনে। এতে পরিচালন কর্মকাণ্ড, বিশেষ করে কনটেইনার ওঠানামার কাজ ব্যাহত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।