৩৮০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহরে সুপেয় পানি সরবরাহ, স্যানিটেশন সেবা উন্নত করতে আরও ৪ কোটি ৭৫ লাখ ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ৩৮০ কোটি টাকা। চট্টগ্রাম ওয়াসার সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশন সেবা উন্নত করার প্রকল্পে এই টাকা দেওয়া হচ্ছে। এ ছাড়া চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনেও উন্নত পয়োনিষ্কাশনব্যবস্থা গড়ে তোলা হবে।  এই প্রকল্পের মাধ্যমে সাড়ে ছয় লাখ গ্রাহককে এই সুবিধা দেওয়া হবে।

গতকাল রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। এতে সই করেন ইআরডির অতিরিক্ত সচিব মাহমুদা বেগম ও বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী পারালকার। শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এতে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

চট্টগ্রাম ওয়াসার ‘চট্টগ্রাম পানি সরবরাহব্যবস্থা উন্নত এবং স্যানিটেশন প্রকল্পে’ অতিরিক্ত এই অর্থ দেওয়া হচ্ছে। বাড়তি অর্থায়নের ফলে পুরো প্রকল্পে প্রায় ২২ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক। এই ঋণ পরিশোধের সময়সীমা ৩৮ বছর। এর মধ্যে গ্রেস পিরিয়ড ৬ বছর। সুদের হার দশমিক ৭৫ শতাংশ।

এই প্রকল্পের আওতায় মদুনাঘাট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং পতেঙ্গা বুস্টার পাম্পিং স্টেশন নির্মাণ করা হবে। এ ছাড়া প্রায় ৬০ কিলোমিটার পানি সরবরাহ পাইপলাইন বসানো হবে। এ ছাড়া কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত ৭৩ কিলোমিটার পাইপলাইন সংস্কার করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশ্রী পারালকার বলেন, এই প্রকল্পটি চট্টগ্রাম শহরের নাগরিকদের আরও উন্নত সেবা পেতে সহায়তা করবে।