৪ জুলাই কিছু ব্যাংক শাখা খোলা থাকতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের চাপে ৪ জুলাই তফসিলি ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্তে আবারও পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। গভর্নরের সঙ্গে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদের সভার পরই কেন্দ্রীয় ব্যাংক নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এ ব্যাপারে আজ মঙ্গলবার নির্দেশনা জারি করা হতে পারে। তাতে আগামী ৪ জুলাই শিল্পসংশ্লিষ্ট কিছু ব্যাংক শাখা খোলার নির্দেশনা দেওয়া হতে পারে।
গত রোববার কেন্দ্রীয় ব্যাংক সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ৪ জুলাই ব্যাংক বন্ধের নির্দেশনা জারি করে। ব্যবসায়ীদের দাবির মুখে তাতে কিছুটা পরিবর্তন আনার প্রক্রিয়া চলছে।
গতকাল দুপুরে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে সাক্ষাৎ করে। তারা গভর্নরকে ২, ৩ ও ৪ জুলাই বিভিন্ন শিল্প অঞ্চল, বিপণিবিতান এলাকা এবং বন্দরগুলোতে ব্যাংক খোলা রাখার অনুরোধ জানান। ঈদের আগে ব্যবসায়ীদের নগদ অর্থ লেনদেন ও আমদানি-রপ্তানি কার্যক্রমের সুবিধার্থে এ অনুরোধ জানান তাঁরা। তবে গতকাল বিকেল পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি কেন্দ্রীয় ব্যাংক।