৪ বছর ধরে বন্ধ কুষ্টিয়া টেক্সটাইল

রাষ্ট্রীয় মালিকানাধীন কুষ্টিয়া টেক্সটাইল মিল চার বছর ধরে বন্ধ। এতে বস্ত্রকলের প্রায় ৫০০ শ্রমিক-কর্মচারী বেকার হয়ে গেছেন। অভিযোগ আছে, অব্যবস্থাপনা, শ্রমিকদের দলাদলি ও মালিকের উদাসীনতার কারণে ঐতিহ্যবাহী মিলটি বন্ধ হয়ে গেছে। এমনকি শ্রমিক-কর্মচারীদের প্রায় ১২ কোটি টাকা বকেয়া বেতন পরিশোধের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাঁদের কষ্টের কথা শোনারও কেউ নেই মিল এলাকায়।
জানা যায়, ১৯৬৭ সালে কুষ্টিয়ার সদর উপজেলার স্বস্তিপুরে ১৪২ বিঘা জায়গার ওপর ব্যক্তি উদ্যোগে মিলটি গড়ে ওঠে। ১৯৭৩ সালের ২৯ ডিসেম্বর উৎপাদনে যায় মিলটি। সুতার মান ভালো হওয়ায় অল্প কিছুদিনেই লাভজনক প্রতিষ্ঠানেও পরিণত হয়। তবে স্বাধীনতার পর জাতীয়করণ করার পরই শুরু হয় অব্যবস্থপনা। লোকসানে পড়ে মিলটি।
১৯৮৩ সালে শিল্প মন্ত্রণালয় মিলটি আগের মালিক আফিল উদ্দিনের কাছে ফেরত দেয়। এ সময় সরকারের ৪৯ ভাগ আর আফিলের ৫১ ভাগ মালিকানা রাখা হয়। এর পরও মিলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। বকেয়া পড়তে থাকে শ্রমিক-কর্মচারীদের বেতন।
২০০৬ সালে বাধ্য হয়ে আল মদিনা নামের একটি তুলা মিল মালিকের কাছে মিলটি তিন বছরের জন্য ইজারা দেন আফিল উদ্দীন। ইজারা শেষ হলে ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর মিলটি বন্ধ হয়ে যায়।
গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মিলের ভেতরে জঙ্গল ছেয়ে গেছে। কারখানার মূল ভবন, কার্যালয় ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কোয়ার্টারে আগাছা। মিলের ভেতরে প্রায় ২০টি পরিবার এখনো বাস করছে। নিরাপত্তার দায়িত্বে থাকা সামসুল আলম জানালেন, একসময় এখানে মানুষের সরগরম ছিল।
মিল প্রাঙ্গণের ভেতরে সুতা উৎপাদনের সুবিশাল কারখানাসহ চারতলা ভবনের কার্যালয়, তিনতলা ভবনের কর্মকর্তাদের কোয়ার্টার, ৩০০ শ্রমিকের আবাসনের ব্যারাক, দ্বিতল ভবনের বাংলো, নিরাপত্তা ব্যারাক, ক্লাবঘর সবই তালা মারা। মিলের সম্পদ রক্ষায় ১৩ জন নিরাপত্তা-কর্মী পাহারা দিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) অধীন থাকা মিলটি বিক্রির জন্য বর্তমানে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের লিকুডিশন সেলে আছে।
এ বিষয়ে জানতে চাইলে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল মকবুল প্রথম আলোকে বলেন, সব দায়-দেনাসহ মিলটি বিক্রির চেষ্টা চলছে। এটি সম্পন্ন হলেই শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতনা দেওয়া হবে।’