৪ বছরের জন্য নিয়োগ পেলেন নতুন গভর্নর

চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেয়েছেন সাবেক অর্থসচিব ফজলে কবির। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাবেক জ্যেষ্ঠ সচিব ও সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলে কবিরকে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২–এর ১০ (৫) ধারা অনুযায়ী বর্তমান পদ এবং অন্য সব প্রতিষ্ঠানের কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। তাঁর মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর।
বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ চুরির ঘটনায় গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। প্রধানমন্ত্রীও তা গ্রহণ করেন। গতকালই সাবেক অর্থসচিব মো. ফজলে কবিরকে নতুন গভর্নর হিসেবে ঠিক করে সরকার। সর্বশেষ সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদে ছিলেন। ফজলে কবির বর্তমানে দেশের বাইরে আছেন। অর্থমন্ত্রী বলেন, ১৮ মার্চ তাঁর দেশে ফেরার কথা। দেশে ফিরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তির পর ফজলে কবির গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেবেন।
গত ৫ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। ফিলিপাইনের একটি পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি জানাজানি হয়।
আরও পড়ুন