৪,০০০ কোটি টাকার ঋণ পুনর্গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশের চার শিল্প গ্রুপ প্রায় চার হাজার কোটি টাকার ঋণ পুনর্গঠনের সুবিধা পেয়েছে। বৃহৎ ঋণ পুনর্গঠনের বিশেষ সুবিধার আওতায় এসব ঋণ পুনর্গঠনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আলোকে সংশ্লিষ্ট ঋণদাতা ব্যাংককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
যে চারটি শিল্প গ্রুপের ঋণ পুনর্গঠনের অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো হলো বেক্সিমকো, যমুনা, রতনপুর ও থার্মেক্স গ্রুপ। এগুলোর মধ্যে এখন পর্যন্ত একক গ্রুপ হিসেবে সর্বোচ্চ ঋণ পুনর্গঠনের সুবিধা পেয়েছে বেক্সিমকো গ্রুপ।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, বেক্সিমকো গ্রুপের কাছে পাওনা জনতা ব্যাংকের ১ হাজার ৮৭৫ কোটি, যমুনা গ্রুপের কাছে একই ব্যাংকের ৫৯৮ কোটি, রতনপুর গ্রুপের কাছে পাওনা জনতা, ট্রাস্ট ও সোনালী ব্যাংকের ৮৭২ কোটি এবং থার্মেক্স গ্রুপের কাছে পাওনা জনতা ব্যাংকের ৬৬৭ কোটি টাকার ঋণ পুনর্গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া আবদুল মোনেম ও শিকদার গ্রুপসহ আরও একাধিক গ্রুপের ঋণ পুনর্গঠনের আবেদন অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল। থার্মেক্স গ্রুপের মালিক আবদুল কাদের মোল্লা ও চট্টগ্রামভিত্তিক রতনপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমান।
এর মধ্যে বেক্সিমকো ও সালমান এফ রহমান দেশের ব্যাংকিং খাত ও শেয়ারবাজারে খুবই আলোচিত নাম। এ গ্রুপটি এর আগেও একাধিকবার নানাভাবে খেলাপি ঋণের বিপরীতে নানা ধরনের সুবিধা নিয়েছে।
পুনর্গঠনের সুবিধা পাওয়া চার হাজার কোটি টাকার ঋণের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি ঋণই জনতা ব্যাংকের।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বিভিন্ন পর্যায়ে ঋণ পুনর্গঠনের আবেদন যাচাই-বাছাই শেষে এ-সংক্রান্ত কমিটি আবেদন অনুমোদন করে। পরে গভর্নরের অনুমোদনের ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ঋণদাতা ব্যাংকের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত ডাউন পেমেন্ট বা এককালীন অর্থ জমা সাপেক্ষে ঋণ পুনর্গঠনের অনুমোদন কার্যকর হবে।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘আমাদের কমিটি এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠন আবেদন যাচাই-বাছাই শেষে অনুমোদন দিয়েছে।’
নীতিমালা অনুযায়ী, মেয়াদি ঋণ পুনর্গঠন হবে সর্বোচ্চ ১২ বছরের জন্য। আর তলবি ও চলমান ঋণ পুনর্গঠন হবে ছয় বছরের জন্য। এক হাজার কোটি টাকার কম ঋণের ক্ষেত্রে এককালীন বা ডাউন পেমেন্ট করতে হবে ২ শতাংশ হারে। আর এক হাজার কোটি টাকার বেশি ঋণের ক্ষেত্রে এককালীন জমা দিতে হবে ১ শতাংশ হারে। একজন গ্রাহক একবারই এ সুবিধা পাবেন। তবে প্রতারণা ও জালিয়াতির সঙ্গে জড়িতরা এ সুবিধা পাবে না। যেসব ব্যাংক এ ধরনের ঋণ পুনর্গঠন করবে, সেসব ব্যাংককে তাদের বার্ষিক প্রতিবেদনে পুনর্গঠিত ঋণের বিস্তারিত বিবরণ প্রকাশ করতে হবে।
গত বছরের শেষের দিকে এসে বাংলাদেশ ব্যাংক বৃহৎ ঋণ পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়। সেই আলোকে চলতি বছরের ২৭ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় বৃহৎ ঋণ পুনর্গঠনের নীতিমালা অনুমোদন করা হয়। নীতিমালার আলোকে ঋণ পুনর্গঠন আবেদন যাচাই-বাছাইয়ের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
পরবর্তী সময়ে পুনর্গঠন নীতিমালার আওতায় সময়সীমা বেঁধে দিয়ে ঋণ পুনর্গঠনের আবেদন চাওয়া হয়। গত ৩০ জুন ছিল আবেদনের শেষ দিন। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে দেশের প্রায় ১৫ শিল্প গ্রুপের পক্ষে ঋণ পুনর্গঠনের আবেদন করা হয়।
নীতিমালা অনুযায়ী, ঋণ পুনর্গঠনের সুবিধা নেওয়া কোনো গ্রাহক (অর্থাৎ যেসব প্রতিষ্ঠান এ সুবিধা নেবে সেসব প্রতিষ্ঠান) প্রথম তিন বছর কোনো নগদ লভ্যাংশ বিতরণ করতে পারবে না।
এখন পর্যন্ত যে চারটি শিল্প গ্রুপের ঋণ পুনর্গঠনের অনুমোদন দেওয়া হয়েছে তার মধ্যে বেক্সিমকো গ্রুপের একাধিক কোম্পানি ও রতনপুর গ্রুপের একটি প্রতিষ্ঠান শেয়ারবাজারে তালিকাভুক্ত রয়েছে। যদি তালিকাভুক্ত এসব কোম্পানির বিপরীতে ঋণ পুনর্গঠনের সুবিধা নেওয়া হয়, তাহলে নিয়ম অনুযায়ী কোম্পানিগুলো তিন বছর শেয়ারধারীদের কোনো ধরনের নগদ লভ্যাংশ দিতে পারবে না।