৪০ কোটি টাকার ভুয়া চেক দেওয়ায় মামলা
ঋণের বিপরীতে দেওয়া ৪০ কোটি টাকার একটি ভুয়া চেক ডিজঅনার হওয়ায় (ফেরত আসায়) মো. টিপু সুলতান নামে বগুড়ার এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে এবি ব্যাংক লিমিটেড।
টিপুর বিরুদ্ধে প্রায় ৬৭ কোটি টাকা পাওনা পরিশোধ না করার অভিযোগ রয়েছে বাংকটির।
ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক মো. ফারুক আহমেদ বাদী হয়ে গতকাল বুধবার বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আবদুল হামিদের আদালতে মামলাটি করেন। অভিযোগ আমলে নিয়ে আদালত শুনানির তারিখ ধার্য করেন আগামী ৮ অক্টোবর।
মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত টিপু সুলতান গম আমদানির কথা বলে তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান আবদুল মালেক অ্যান্ড সন্সের নামে ২০০৮ সালে এবি ব্যাংকের বগুড়া শাখা থেকে প্রায় সাড়ে ৭৬ কোটি টাকার ঋণ নেন। ২০১১ সালে এ ঋণ ৬০ কোটি টাকার স্থিতি দেখিয়ে নবায়ন করা হয়। এরপর ব্যাংকের পক্ষ থেকে দফায় দফায় ঋণ পরিশোধের জন্য তাগাদা দেওয়া হলেও তিনি সাড়া দেননি। ফলে ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬৬ কোটি ৯৯ লাখ টাকা।
টিপুর অন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো হচ্ছে টিআর ট্রাভেলস, টিআর ষ্পেশালাইজড কোল্ডস্টোরেজ, ঢাকা ট্রেডিং হাউস।
বাদী ফারুক আহমেদ জানান, ওই ঋণের বিপরীতে টিপু গত ৩১ মে প্রাইম ব্যাংকের ঢাকার মতিঝিল শাখার একটি হিসাবের অনুকূলে ৪০ কোটি টাকার একটি চেক দেন। কিন্তু হিসাবটিতে ওই পরিমাণ স্থিতি না থাকায় চেকটি ফেরত আসে (ডিজঅনার)। এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে প্রথমে ব্যবসায়ী টিপুকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। এতে তিনি সাড়া না দেওয়ায় মামলা দায়ের করা হয়েছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে টিপু সুলতান চেক ফেরত আসার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে জানান, মামলার বিষয়টি এখনো কেউ তাঁকে জানাননি। তিনি বলেন, ‘ব্যবসায় সুসময়-দুঃসময় থাকে। আমার ব্যবসাতেও দুঃসময় যাচ্ছে। তাই এবি ব্যাংকের ওই ঋণের টাকা শোধ দিতে দেরি হচ্ছে। তবে আগস্টের মধ্যে ওই টাকা পরিশোধ করব।’