দুই দফায় দরপত্র আহ্বান করেও কাঙ্ক্ষিত দামে একটি ব্রোকারেজ হাউসের ক্রেতা খুঁজে পাচ্ছে না ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।এ কারণে ব্রোকারেজ হাউসটি বিক্রি করতে তৃতীয় দফায় দরপত্র আহ্বান করা হয়েছে। তবে ক্রেতা খুঁজে পেতে এবার আর কোনো দামসীমা বেঁধে দেয়নি ডিএসই।গ্রাহকের শেয়ার ও অর্থ আত্মসাতের দায়ে ডিএসই এম এইচ চৌধুরী সিকিউরিটিজ নামের ব্রোকারেজ হাউসটির সদস্যপদ সম্প্রতি বাতিল করে। পরে গ্রাহকের পাওনা পরিশোধে সেটি বিক্রির উদ্যোগ নেওয়া হয়। এ জন্য পত্রিকার মাধ্যমে দুই দফা দরপত্র আহ্বান করা হয়।সর্বশেষ ব্রোকারেজ হাউসটি বিক্রির জন্য যে দরপত্র আহ্বান করে, তাতে ডিএসই সর্বনিম্ন দাম বেঁধে দেয় ৪০ কোটি টাকা। কিন্তু বৃহস্পতিবার দরপত্রের বাক্স খোলার করার পর দেখা যায়, ওই দামে ব্রোকারেজ হাউসটি কিনতে কোনো দরপত্রই জমা পড়েনি। ফলে তৃতীয় দফায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য গতকাল শনিবার পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে আবারও ক্রেতা খুঁজছে ডিএসই। ডিএসই সূত্রে জানা গেছে, বিনিয়োগকারীর অজান্তেই শেয়ার ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটিয়েছে এম এইচ চৌধুরী সিকিউরিটিজ। পরে ডিএসইর অনুসন্ধানে এই আত্মসাতের ঘটনা ধরা পড়ে। এ কারণে গত মার্চ মাসে ডিএসই ব্রোকারেজ হাউসটির লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়। ডিএসইর তথ্য অনুযায়ী, এম এইচ চৌধুরী সিকিউরিটিজ চার শতাধিক গ্রাহকের শেয়ার ও নগদ অর্থ মিলিয়ে প্রায় সাড়ে ছয় কোটি টাকা আত্মসাৎ করেছে।এই ব্রোকারেজ হাউসটি বিক্রির জন্য ন্যূনতম দর ৪০ কোটি টাকা নির্ধারণের কারণ ছিল কিছুদিন আগে হাতবদল হওয়া আরেকটি ব্রোকারেজ হাউস।ডিএসই সূত্র জানিয়েছে, এ বছরের মার্চ-এপ্রিলে ডিএসইর একটি সদস্যপদের মালিকানা হাতবদল হয়েছে ৪০ কোটি টাকায়। ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স ডিএসইর পুরোনো সদস্য রাইজিং সিকিউরিটিজের এই মালিকানা কিনে নেয়।কিন্তু বাজারের বর্তমান পরিস্থিতিতে কেউই এখন আর ওই দামে ব্রোকারেজ হাউস কিনতে আগ্রহ দেখায়নি। ফলে দামসীমা তুলে দেওয়া হয়েছে।ডিএসই সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২০০৯-১০ সালে বাজার যখন চাঙা ছিল তখন ডিএসইর সদস্যভুক্ত একেকটি ব্রোকারেজ হাউসের দাম শত কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। ওই সময় ব্রোকারেজ হাউসের সর্বোচ্চ দাম উঠেছিল প্রায় ১০৭ কোটি টাকা। তখন ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী ও শিল্প গ্রুপ ব্রোকারেজ হাউস কিনতে হুমড়ি খেয়ে পড়ে। জানা গেছে, সে সময় কাগজে-কলমে ক্রয়মূল্য একরকম দেখানো হলেও কার্যক্ষেত্রে অনেক বেশি মূল্য দিতে হয়েছে ব্রোকারেজ হাউসের মালিকানা পেতে। নতুন করে কোনো সদস্যপদ কেনার সুযোগ না থাকায় বিদ্যমান সদস্যদের মধ্য থেকেই অনেক ব্রোকারেজ হাউসের মালিকানার হাতবদল ঘটে। যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে ডিএসইর এক নেতা প্রথম আলোকে বলেন, বাজার খারাপ থাকার কারণে সদস্যপদের দামও কমে গেছে। এটাই স্বাভাবিক। কারণ, শেয়ারবাজারের অবস্থা ও লেনদেনের সঙ্গে সঙ্গে সদস্যপদের দামেরও ওঠানামা হয়। ব্যবসা ভালো হলে তখন আবার এ দাম বাড়বে।ডিএসই ওই নেতা আরও বলেন, ‘আমার জানা মতে, বাজার যখন ভালো ছিল তখন কোনো কোনো ব্রোকারেজ হাউসের মালিকানা হাতবদল হয়েছে শত কোটি টাকায়।’