৪০ বছরে দেশের অনেক ইতিবাচক অর্জন আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, গত ৪০ বছরে বাংলাদেশের অনেক ইতিবাচক অর্জন আছে। গতবছর রপ্তানি বেড়েছিল ৪১ শতাংশ। এ বছর বেড়েছে ২০ শতাংশ। সারা বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ গত বছর পঞ্চম হলেও এবার তৃতীয় অবস্থানে আছে।ঢাকা স্কুল অব ইকোনমিকস আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে ছাত্রসমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন এ কথা বলেন। গতকাল শনিবার বাংলাদেশ অর্থনীতি সমিতিতে এই আলোচনা অনুষ্ঠিত হয়। সাবেক গভর্নর আরও বলেন, গত ৪০ বছর বৈদেশিক ঋণ পরিশোধে বাংলাদেশ কখনো ব্যর্থ হয়নি। রপ্তানি আয়ের মাত্র ১০ থেকে ১১ শতাংশ দিয়েই তা পরিশোধ করা যাচ্ছে। এসব ইতিবাচক অর্জন প্রচার করতে হবে ও তা এগিয়ে নিতে হবে। আর এ জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা স্কুল অব ইকোনমিকসের পরিচালনা পর্ষদ ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। এতে ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, ইস্ট ওয়েস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) গবেষণা সহযোগী তাহরিন তাহরিমা চৌধুরী।তাহরিন তাহরিমা চৌধুরী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দেশের বিপুল জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে হবে। এ ক্ষেত্রে সরকারি, বেসরকারি ও দেশি-বিদেশি উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে।