৪০০ কোটি ছাড়াল ডিএসইর লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ সোমবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক সামান্য কমেছে। তবে লেনদেন বেড়েছে দুই বাজারে। আজ ডিএসইর লেনদেন ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে।

ডিএসইতে ৪৩২ কোটি টাকার লেনদেন

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ১ দশমিক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৪৪৭.৪৫ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সূচক ৩৬ পয়েন্ট বেড়ে যায়। এরপর নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯০টির দাম কমেছে, বেড়েছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৪৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৫৬ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৩৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ দিকে ডিএসইর আজকের লেনদেন গত প্রায় এক মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৬ মে ডিএসইতে ৪৪৭ কোটি টাকার লেনদেন হয়। এ ছাড়া ২৫ মে লেনদেন ২০০ কোটির নিচে অর্থাত্ ১৮২ কোটি টাকায় নেমে আসে। 

ডিএসইতে লেনদেনে শীর্ষে গ্রামীণফোন

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। আজ এ প্রতিষ্ঠানের ৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, ওয়াটা কেমিক্যাল, মার্কেন্টাইল ব্যাংক, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, হেইডেলবার্গ সিমেন্ট, বিএসআরএম স্টিল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রভৃতি লেনদেনের শীর্ষে ছিল।

সিএসইতে ১০৮ কোটি টাকার লেনদেন

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসইতে) সূচক কমেছে। তবে বেড়েছে লেনদেন। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬৮৩ পয়েন্টে।

সিএসইতে আজ ২১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪০টির দাম কমেছে, বেড়েছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

আজ সিএসইতে ১০৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৮২ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ২৬ কোটি টাকার লেনদেন হয়।