৪০০ কোটি টাকা আদায় হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমা কোম্পানিগুলোর কাছ থেকে পুনঃ বিমা প্রিমিয়ামের টাকা আদায় করতে পারছে না রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা করপোরেশন (এসবিসি)। জমতে জমতে বেসরকারি সাধারণ বিমা বা নন-লাইফ কোম্পানিগুলোর কাছে এসবিসির পাওনা দাঁড়িয়েছে প্রায় ৪০০ কোটি টাকা।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এসবিসিকে যত তাড়াতাড়ি সম্ভব এ টাকা আদায় করতে বলেছে। এসবিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রেজাউল করিমকে সম্প্রতি এক চিঠিতে আইডিআরএ বলেছে, ‘বিপুল পরিমাণ টাকা অনাদায়ি রেখে দেওয়ায় সরকারের আর্থিক ক্ষতি তো হচ্ছেই, গোটা বিমাশিল্পেই জটিলতা দেখা দিয়েছে।’
আইডিআরএ এ চিঠির অনুলিপি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগেও পাঠিয়েছে। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক মাসেও এ ব্যাপারে এসবিসিকে কিছু বলেনি।
এসবিসির এমডি রেজাউল করিম অবশ্য প্রিমিয়ামের টাকা পড়ে থাকায় সরকারের ক্ষতি হচ্ছে—এ পর্যবেক্ষণের সঙ্গে পুরোপুরি একমত নন। প্রথম আলোকে তিনি বলেন, ‘বিষয়টি বহু বছর থেকে চলে আসছে। কোম্পানিগুলোর বিপুল পরিমাণ পুনঃ বিমা দাবির টাকাও এসবিসির কাছে রয়েছে। প্রিমিয়াম দেয় না বলে আটকে রয়েছে তাদের পুনঃ বিমা দাবিও।’
জানা গেছে, কিছু কোম্পানির বিরুদ্ধে জাল-জালিয়াতির অভিযোগ থাকায় এসবিসির কাছে আসা সব পুনঃ বিমা দাবিই পরিশোধযোগ্য হয় না। প্রিমিয়াম ও দাবিকে তাই একসঙ্গে মিলিয়ে দেখা যৌক্তিক নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।
নিজেদের ঝুঁকি কমাতে বিমা কোম্পানিগুলোর পলিসির অন্তত ৫০ শতাংশ পুনঃ বিমা করতে হয় এসবিসির সঙ্গে। আর ঝুঁকি বহন করে বলে একটি চুক্তির আওতায় এসবিসি এ জন্য প্রিমিয়াম পায়।
আইডিআরএ সূত্র জানায়, ব্যতিক্রম ছাড়া কোনো কোম্পানিই চুক্তি অনুযায়ী প্রিমিয়ামের টাকা দেয় না। আবার চুক্তি লঙ্ঘন করলেও কারও বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না এসবিসি।
চুক্তি অনুযায়ী বিমাকারীদের (নন লাইফ কোম্পানি) ত্রৈমাসিক ভিত্তিতে হিসাব বিবরণী তৈরি করতে হয়। তিন মাস শেষ হওয়ার পরবর্তী ৪৫ দিনের মধ্যে এ বিবরণী পাঠাতে হয় এসবিসির কাছে। এ কাজটিও যথাযথভাবে পরিপালিত হচ্ছে না বলে আইডিআরএর পর্যবেক্ষণে এসেছে।
চুক্তির বরখেলাপ ও যথাসময়ে হিসাব বিবরণী না পেলেও কোম্পানিগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না—এ ব্যাপারে এসবিসির এমডি বলেন, ‘আমরা তাগাদা দিচ্ছি। তবে হঠাৎ কোনো পরিবর্তন আনা যাচ্ছে না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলাম কোম্পানিগুলোর প্রতি এসবিসির নমনীয়তায় প্রশ্ন তুলেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা নিজের স্বার্থও কেন দেখবে না! এসবিসির উচিত হবে আগে প্রিমিয়ামের টাকা আদায় করা। পুনঃ বিমা দাবি পরের প্রশ্ন। পুনঃ বিমা দাবির টাকা এসবিসি না দিলে আইডিআরএর কাছে কোম্পানিগুলো অভিযোগ জানাতে পারে।’
এসবিসি আইডিআরএকে গত ১৫ মে চার বছরের ১ জানুয়ারিভিত্তিক পাওনা প্রিমিয়ামের একটি হিসাব দিয়েছে। সে অনুযায়ী কোম্পানিগুলোর কাছে এসবিসির পাওনা ২০১২ সালে ছিল ১৭৩ কোটি টাকা। এরপর ২০১৩ সালে ২২৮ কোটি, ২০১৪ সালে ২৯৬ কোটি এবং ২০১৫ সালে ৩৮৯ কোটি টাকা দাঁড়িয়েছে।
আইডিআরএ এসবিসির এমডিকে বলেছে, ‘পাওনা টাকা ফেলে রাখায় বিমাগ্রহীতারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সার্বিকভাবে জনগণের মনে বিমা সম্পর্কে ভ্রান্ত ধারণার সৃষ্টি হচ্ছে।’ এসবিসির ব্যর্থতায় ব্যাংকের সুদ বাবদই সরকারের ১১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
বিমা আইন অনুযায়ী বেসরকারি বিমা কোম্পানির নিবন্ধনের অন্যতম শর্তই হচ্ছে পুনঃ বিমাসংক্রান্ত বিধিবিধান মেনে চলা। কোনো বিমা কোম্পানি তা সন্তোষজনকভাবে করতে না পারলে নিবন্ধন স্থগিত বা বাতিলও হয়ে যেতে পারে।
আইডিআরএ বলেছে, এসবিসি পুনঃ বিমা প্রিমিয়ামের পাওনা টাকা আদায় না করে বেসরকারি কোম্পানিগুলোকে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ করে দিচ্ছে। কোম্পানিগুলো অন্যদিকে অনেক ক্ষেত্রে অনৈতিকভাবে বাকি ব্যবসা করার সুযোগ নিচ্ছে। এতে বিমাশিল্পে শৃঙ্খলা প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে।
দেশে বর্তমানে ৪৫টি বেসরকারি নন লাইফ বিমা কোম্পানি রয়েছে, যেগুলোর বেশির ভাগই আওয়ামী লীগ আমলে লাইসেন্স (নিবন্ধন) পাওয়া।
যোগাযোগ করলে আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘কোম্পানিগুলোর সঙ্গে এসবিসির বিমা চুক্তিতে অনেক দুর্বলতা রয়েছে। কোম্পানিগুলো সে দুর্বলতারই সুযোগ নিচ্ছে।’ পাওনা আদায় করতে এসবিসিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।