৪০০ কোটি টাকা ছাড়াল ডিএসইর লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম কর্মদিবসে আজ রোববার সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। একই সঙ্গে লেনদেন বেড়েছে দুই বাজারে। আর প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আজ ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৪১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৮৬ কোটি টাকা বেশি। একই সঙ্গে আজকের লেনদেন গত প্রায় চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ১৭ অক্টোবর সর্বশেষ ৪১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ৪২৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৪টির দাম বেড়েছে; কমেছে ৪১টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, ইউনিক হোটেল, জেনারেশন নেক্সট ফ্যাশন, সানলাইফ ইনস্যুরেন্স, আরএন স্পিনিং, সায়হাম কটন, গ্রামীণফোন ও এনভয় টেক্সটাইল।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩২৯৯ পয়েন্টে। সিএসইতে আজ ১৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাত বদল হয়েছে। এর মধ্যে ১৫২টির দাম বেড়েছে; কমেছে ২২টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে নয় কোটি টাকা বেশি।