৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে রেকিট বেনকিজার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি রেকিট বেনকিজার (বিডি) লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। রেকিট বেনকিজারের পক্ষ থেকে আজ মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৬ মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২০ এপ্রিল।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে রেকিট বেনকিজারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের ইপিএস হয়েছে ২৭ টাকা ৪২ পয়সা, যা আগের বছরের চেয়ে ২৬ পয়সা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল ২৭ টাকা ১৬ পয়সা।