৪০৫৭ জনকে বৃত্তি দিল ডিবিবিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রথম আলো
ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রথম আলো

রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ। কিন্তু কেউই খেলা দেখতে আসেননি এখানে। উৎসুক দৃষ্টি সব মঞ্চের দিকে। কারণ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যে ওখানেই বসে আছেন!
গ্যালারি আলোকিত দেশের প্রত্যন্ত অঞ্চলের চার হাজার ৫৭ জন মেধাবী শিক্ষার্থীর উপস্থিতিতে। যে যার এলাকা ও বিদ্যালয়ের একেকটি উজ্জ্বলতম মুখ তারা। সঙ্গে আছেন তাদের গর্বিত মা-বাবা ও স্বজনেরা।
দীপ্তিময় পদভারে মেধাবী মুখগুলো মিরপুরের এই স্টেডিয়ামে আসে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) আমন্ত্রণে। প্রতিবছরের ধারাবাহিকতায় ডিবিবিএল এ বছর চার হাজার ৫৭ জন শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে। এই ব্যাংক গতবার বৃত্তি দিয়েছিল চার হাজার ১৫ জনকে।
ডিবিবিএল গতকাল শনিবার ইনডোর স্টেডিয়ামে ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অর্থমন্ত্রী প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গার্বেন জি ডং। ডিবিবিএলের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এস তাবরেজ।
অনুষ্ঠানে জানানো হয়, ১০২ কোটি টাকা শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় সপ্তম পর্যায়ে ব্যাংকটি এবারের বৃত্তি দিচ্ছে। এসএসসি পাস করে যারা এ বছর এইচএসসিতে ভর্তি হয়েছে, তাদেরকে আগামী দুই বছর প্রতি মাসে দুই হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। এ ছাড়া বার্ষিক অনুদান দেওয়া হবে পাঠ্য উপকরণ হিসেবে দুই হাজার ৫০০ টাকা এবং পোশাক-পরিচ্ছদের জন্য এক হাজার টাকা করে। সামাজিক কল্যাণ কর্মসূচির অংশ হিসেবে এ টাকা ব্যয় করবে ডিবিবিএল।
অর্থমন্ত্রী বলেন, অদম্য মেধাবীদের জন্য ডিবিবিএলের মতো কোনো প্রতিষ্ঠান এককভাবে এত সহায়তা আর কেউ দেয় না। অর্থমন্ত্রী বলেন, একসময় দানবীর বিত্তশালীরা শিক্ষার জন্য দেদার ব্যয় করতেন। তাঁদের মতোই ডিবিবিএলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম সাহাবউদ্দিন আহমেদ এই উদ্যোগ নিয়েছেন।
ডিবিবিএলের ধারাবাহিক ও সামাজিক এই কাজের প্রশংসা করে অর্থমন্ত্রী অন্য প্রতিষ্ঠানকেও এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
অর্থমন্ত্রী আরও বলেন, একজন আরেকজনকে সহযোগিতা না করলে জাতি এগোতে পারে না। ডিবিবিএলের এই উদ্যোগ শিক্ষার্থীদের বিকশিত করতে সহায়তা করবে।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বলেন, ডিবিবিএলের এই উদ্যোগ টেকসই অর্থনীতি ও মেধাবীদের বাংলাদেশ গড়ার প্রয়াসে ভূমিকা রাখবে।
ডিবিবিএলের চেয়ারম্যান সায়েম আহমেদ বলেন, ডিবিবিএল জন্মলগ্ন থেকে করপোরেট প্রতিষ্ঠান হিসেবে সামাজিক দায়বদ্ধতা পরিপালন অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পুনর্বাসনে কাজ করছে, ভবিষ্যতেও করে যাবে।