৪১ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

দেশের দুই শেয়ারবাজারে গতকাল রোববার বিগত ৪১ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। সেই সুবাদে উভয় বাজারের সবগুলো সূচকই বেড়েছে।
এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে প্রায় ২৬১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৯৩ কোটি টাকা বেশি। এর আগে সর্বশেষ গত ৬ মার্চ ডিএসইতে আড়াই শ কোটি টাকার লেনদেন হয়েছিল। ওই দিনের লেনদেনের পরিমাণ ছিল ২৭৮ কোটি টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল ৩২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৪ কোটি টাকা বেশি। এর আগে ৬ মার্চ সিএসইতে ৪১ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইর সাধারণ সূচক এদিন ৭৫ পয়েন্ট বা প্রায় দুই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৮১৭ পয়েন্টে। নতুন সূচক ডিএসইএক্স প্রায় ৮১ পয়েন্ট বা সোয়া দুই শতাংশ বেড়ে তিন হাজার ৬৪০ পয়েন্টে উন্নীত হয়েছে। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক ২৫৯ পয়েন্ট বা ২ দশমিক ৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৯৪ পয়েন্টে।
লেনদেন বৃদ্ধির পাশাপাশি সূচকের উত্থানকে শুভ লক্ষণ ও বাজারের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আসন্ন বাজেট ও শেয়ারের দাম কিছুটা হলেও বিনিয়োগকারীদের বাজারের প্রতি আগ্রহী করে তুলেছে।
জানতে চাইলে বেসরকারি ইউনাইটেড ইউনিভার্সিটির বাণিজ্য অনুষদের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘আমার পর্যালোচনায় বাজারের এই উত্থানের পেছনে দুটি কারণ কাজ করে থাকতে পারে। প্রথমটি হলো, ২০১০ সালের ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফে বিশেষ পুনঃ অর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ। আর দ্বিতীয়টি হচ্ছে, দেশের রাজনৈতিক অঙ্গনে সহিসংতা কিছুটা কমে আসা।’
মোহাম্মদ মূসা আরও বলেন, গত ৫ মে হেফাজতে ইসলামের অবরোধ ও অবস্থান কর্মসূচি কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে চরম শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু গত কয়েক দিনে তা কিছুটা স্তিমিত হয়ে এসেছে। রাজনৈতিক সহিংসতার ঘটনাও কিছুটা কমেছে। এই দুই কারণে সাধারণ বিনিয়োগকারীদের একটি অংশ বিনিয়োগে আগ্রহী হয়েছেন।
এ ছাড়া বিমা খাতের কয়েকটিসহ তালিকাভুক্ত বেশ কিছু কোম্পানি সম্প্রতি তাদের শেয়ারপ্রতি আয় বা ইপিএসের তথ্য প্রকাশ করেছে। এতে কোম্পানিগুলোর ইপিএস বেশ ভালো অবস্থায় দেখানো হয়েছে। যে কারণে এসব কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হয়েছে। বড় ধরনের কোনো দুঃসংবাদ বা ঘটনা না ঘটলে বাজার কিছুদিন ঊর্ধ্বমুখী ধারায় থাকবে বলে মত দেন মোহাম্মদ মূসা। সে ক্ষেত্রে ডিএসইর সূচক আবারও চার হাজারের মনস্তাত্ত্বিক সীমা অতিক্রম করতে পারে বলে তিনি মত দেন।
কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, এদিন খাতভিত্তিক লেনদেনে মূল্যবৃদ্ধিতে এগিয়ে ছিল ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান।