৪১ ডিজাইনারের পোশাক প্রদর্শনী 'প্রেরণার প্রকাশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় জাতীয় জাদুঘরে গতকাল এসএমই ফাউন্ডেশন আয়োজিত ‘প্রেরণার প্রকাশ’ শীর্ষক ​পোশাক প্রদর্শনীতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ অতিথিরা l প্রথম আলো
ঢাকায় জাতীয় জাদুঘরে গতকাল এসএমই ফাউন্ডেশন আয়োজিত ‘প্রেরণার প্রকাশ’ শীর্ষক ​পোশাক প্রদর্শনীতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ অতিথিরা l প্রথম আলো

শাড়িতে উঠে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের আঁকা ছবি ও তাঁর পাণ্ডুলিপি। সুতি ও সিল্কের কোটা কাপড়ের ওপর এমনই এক দৃষ্টিনন্দন শাড়ির নকশা করেছেন খালেদা সুলতানা লাবণী। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কেন্দ্রে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ‘প্রেরণার প্রকাশ’ শীর্ষক পোশাক প্রদর্শনীতে স্থান পেয়েছে তাঁর শাড়ি।
খালেদা সুলতানার মতো এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি পোশাক ডিজাইনারদের সঙ্গে দেশের ডিজাইন হাউস এবং পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান-স্বত্বাধিকারীর ব্যবসা-সংযোগ স্থাপনের উদ্দেেশ্যই এই প্রদর্শনী গতকাল রোববার শুরু হয়েছে। এতে ৪১ জন ডিজাইনারের ঈদ উৎসব, বসন্ত উৎসব, রবীন্দ্রজয়ন্তী, একুশে ফেব্রুয়ারি, গায়েহলুদ, পঁচিশে বৈশাখ, মে দিবস, বিপন্ন পরিবেশ, মা দিবস, রানা প্লাজাসহ ৩০টি বিষয়ের ওপর তৈরি পোশাক প্রদর্শনী হচ্ছে।
গতকাল বেলা সাড়ে তিনটার পরপরই ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তারপর জাদুঘরের তৃতীয় তলার মিলনায়তনে ঘণ্টা খানেক উদ্বোধনী অনুষ্ঠান শেষেই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। হুড়মুড় করে ঢুকে পড়েন দর্শনার্থীরা; ঘুরে ঘুরে দেখেন। হরেক রকম বিষয়ের ওপর নকশা করা হালফ্যাশনের পোশাকের ছবি, এমনকি সেলফি তুলতে দেখা যায় অনেককে।
এসএমই ফাউন্ডেশন প্রদর্শনীর জন্য প্রথমে ফ্যাশন ডিজাইনে আগ্রহী ১৫০ জনের তালিকা করে। তাঁদের তিনটি ভাগে ছয় দিন করে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে তাঁরা ছয় দিনের পণ্য উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। তারপর ৪১ জন ডিজাইনারকে চূড়ান্ত করা হয়। পুরো বিষয়টি সমন্বয় করেন ফ্যাশন ডিজাইনার চন্দ্রশেখর সাহা।
প্রদর্শনীতে নিজের নকশা করা শাড়ি স্থান পাওয়ায় সৌভাগ্যবান মনে করেন খালেদা সুলতানা। বললেন, ‘পোশাকের নকশায় নতুনত্ব, উৎসব ও ঋতুভেদে পোশাকে রঙের সমন্বয় নিখুঁতভাবে শিখতে এসএমই ফাউন্ডেশনে প্রশিক্ষণ নিয়েছি। তা ছাড়া প্রদর্শনীতে দেশের বড় বড় ফ্যাশন হাউসের স্বত্বাধিকারীরা আসবেন। তাঁদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগের সুযোগ হবে। এটি আমাদের মতো ছোট ডিজাইনারদের জন্য বিরাট পাওয়া।’
প্রদর্শনীতে প্রকৃতি ও শৈশব বিষয়ে বাচ্চাদের পোশাক নকশা করেছেন ফারহানা নাজিরা। ফারহানা ফ্যাশন নামে মিরপুরে একটি ফ্যাশন হাউস আছে তাঁর। জানতে চাইলে তিনি বলেন, ‘চন্দ্রশেখর সাহা স্যারের কাছ থেকে নতুন কিছু শেখার জন্যই মূলত এসএমই ফাউন্ডেশনের এই উদ্যোগে যুক্ত হয়েছি। তা ছাড়া প্রদর্শনীতে বিভিন্ন ব্যান্ড, ক্রেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আসার কথা রয়েছে। সেটি হলে আমাদের পণ্যের বিপণনটা ভালো হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে দেশীয় ফ্যাশনশিল্পকে পোশাকশিল্পের সঙ্গে যুক্ত করতে পারলে দেশের সর্বোচ্চ পণ্য রপ্তানি আয়ের উৎসব পোশাক খাত আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী আমির হোসেন। তিনি বলেন, ‘বিশ্ববাজারে আমাদের পোশাকের চাহিদা আছে। যদি সঠিকভাবে এসব পণ্য উপস্থাপন করা যায়, তবে সবাই লুফে নেবে।’
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সুবিধা দিতে সরকার নতুন করে এসএমই নীতিমালা করবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস। তিনি বলেন, ‘সঠিক হিসাব না থাকলেও আমাদের ধারণা, দেশের ৯০ শতাংশ উদ্যোক্তাই এসএমই। নতুন এসএমই নীতিমালায় নারীদের জন্য বিশেষ প্রণোদনা ও অঞ্চলভিত্তিক সুবিধা দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।’
সারা দেশে সাত হাজারের মতো ফ্যাশন হাউস আছে। সেখানে বছরে প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকার লেনদেন হয়। এমন তথ্য দিয়ে ফ্যাশন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আজহারুল হক আজাদ ফ্যাশনশিল্পের উন্নয়নে ৭ থেকে সাড়ে ৭ শতাংশ সুদে ব্যাংকঋণ দেওয়ার দাবি জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম ও মহাব্যবস্থাপক এস এম শাহীন আনোয়ার, ফ্যাশন ডিজাইনার চন্দ্র শেখর সাহা। প্রদর্শনী আজ ও কাল সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে।