৪১ ডিজাইনারের 'প্রেরণার প্রকাশ' শুরু

৪১ জন ডিজাইনারের তিন দিনব্যাপী পোশাক প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কেন্দ্রে। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘প্রেরণার প্রকাশ’ শীর্ষক এ প্রদর্শনী আজ রোববার বিকেলে উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
পোশাক ডিজাইনারদের সঙ্গে দেশের ডিজাইন হাউস এবং পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান-স্বত্বাধিকারীর সঙ্গে ব্যবসা-সংযোগ স্থাপনের উদ্দেশ্যেই মূলত এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ঈদ উৎসব, একুশে ফেব্রুয়ারি, গায়েহলুদ, পঁচিশে বৈশাখ, মে দিবস, বিপন্ন পরিবেশ, মা দিবস, রানা প্লাজাসহ ৩০টি বিষয়ভিত্তিক পোশাক প্রদর্শনী হচ্ছে।
আজ বেলা সাড়ে তিনটায় ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন। পরে জাদুঘরের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘কয়েক বছরের মধ্যে বাংলাদেশের পোশাকশিল্প পোশাক রপ্তানিতে ১ নম্বর স্থান দখল করবে। গার্মেন্টসের সঙ্গে দেশীয় ফ্যাশনশিল্পকে যুক্ত করতে পারলে আমাদের অবস্থান আরও শক্তিশালী হবে।’ তিনি আরও বলেন, ‘বিশ্ববাজারে আমাদের পোশাকের চাহিদা আছে। যদি সঠিকভাবে এসব পণ্য উপস্থাপন করা যায়, তবে সবাই লুফে নেবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশেন চন্দ্র দাস, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম ও মহাব্যবস্থাপক এস এম শাহীন আনোয়ার, ডিজাইনার চন্দ্র শেখর সাহা, ফ্যাশন এন্ট্রাপ্রেনিয়র্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আজহারুল হক আজাদ।
‘প্রেরণার প্রকাশ’ শীর্ষক প্রদর্শনী কাল সোমবার ও পরশু মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে।