৪১ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১১-১২ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। এবারের সংশোধিত চূড়ান্ত এডিপির আকার দাঁড়িয়েছে ৪১ হাজার কোটি টাকা।গতকাল রোববার প্রধানমন্ত্রী ও এনইসির চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন চূড়ান্ত হয়। সংশোধিত এডিপিতে বরাদ্দের ৬৩ দশমিক ৪১ শতাংশ বা ২৬ হাজার কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে। আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে বরাদ্দের ৩৭ শতাংশ বা ১৫ হাজার কোটি টাকা। প্রসঙ্গত, চলতি অর্থবছরের মূল এডিপির আকার ছিল ৪৬ হাজার কোটি টাকা। তবে মূল এডিপিতে এক হাজার ৩৯টি প্রকল্প ছিল। আর এখন সংশোধিত এডিপিতে প্রকল্পসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮৫। অবশ্য পরিকল্পনা কমিশন ৪০ হাজার ৫০০ কোটি টাকার সংশোধিত এডিপির প্রস্তাব করেছিল। বরাদ্দের ক্ষেত্রে বিদ্যুৎ খাতকে সংশোধিত এডিপিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ খাতে বরাদ্দের পরিমাণ সাত হাজার ১৮৩ কোটি টাকা, যা এডিপির মোট বরাদ্দের ১৭ দশমিক ৭৪ শতাংশ। বেশি বরাদ্দপ্রাপ্ত অন্য খাতগুলো হলো: পরিবহন (৫৯০৮ কোটি টাকা); পল্লি উন্নয়ন ও পল্লি প্রতিষ্ঠান (৫০১৩ কোটি টাকা); শিক্ষা ও ধর্ম (৪৮০৮ কোটি টাকা); ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ণ (৪১৭৬ কোটি টাকা); স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা ও পরিবারকল্যাণ (৩৩৬০ কোটি টাকা) এবং কৃষি (২৫৪১ কোটি টাকা)। এনইসির বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের সংশোধিত এডিপি সম্পর্কে অবহিত করেন। এ সময় পরিকল্পনা বিভাগের সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। পরিকল্পনামন্ত্রী জানান, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের কথা বিবেচনা করে চলতি সংশোধিত এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, দেশে বিদ্যুতের উৎপাদন বাড়লেও একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চাহিদা। এ কারণে সংশোধিত এডিপিতে বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দিয়েছে সরকার। এ কে খন্দকার আরও বলেন, বর্ষার আগেই দেশের সব সড়কের মেরামতকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই নতুন সড়ক নির্মাণের চেয়ে সড়ক মেরামতকেই সংশোধিত এডিপিতে প্রাধান্য দেওয়া হয়েছে। এ ছাড়া সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।