৪১৫ জনের ক্ষতিপূরণ ১৪ কোটি টাকা চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিকাণ্ডের ঘটনায় আশুলিয়ার তাজরীন ফ্যাশনসের নিহত ও নিখোঁজ ১১২ পোশাকশ্রমিকের পরিবারের ৪১৫ জন সদস্যের ক্ষতিপূরণ চূড়ান্ত করা হয়েছে। সব মিলিয়ে তাঁরা ক্ষতিপূরণ পাবেন ১৪ কোটি টাকা। আগামী মাসের মধ্যেই তাঁদের নিজস্ব ব্যাংক হিসাবে অর্থ চলে যাবে।
তবে আহত ব্যক্তিদের ক্ষতিপূরণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তা প্রক্রিয়াধীন রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রত্যেক নিখোঁজ শ্রমিকের পরিবার সর্বোচ্চ ৩০ লাখ ও নিহতের পরিবার সর্বোচ্চ ৩১ লাখ করে টাকা ক্ষতিপূরণ পাবে। তবে উভয় ক্ষেত্রেই সর্বনিম্ন ক্ষতিপূরণ হবে সাড়ে ১০ লাখ টাকা। এই ক্ষতিপূরণে ভুক্তভোগী প্রতিটি পরিবার ৩ লাখ টাকা করে কম পাবে। এর আগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এসব পরিবারকে যে ৭ লাখ টাকা করে দেওয়া হয়েছে, সেখান থেকে ৩ লাখ টাকা এ ক্ষেত্রে সমন্বয় করা হবে।
অবশ্য তাজরীন ক্লেইম অ্যাডমিনিস্ট্রেশন ট্রাস্টের স্টিয়ারিং কমিটির সদস্য সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘ভুক্তভোগীদের ক্ষতিপূরণের প্রাপ্য অর্থ থেকে ৩ লাখ টাকা কর্তনের বিপক্ষে আমরা। রানা প্লাজা ধস ও তাজরীনের অগ্নিকাণ্ড পুরোপুরি ভিন্ন ঘটনা। তাজরীনের ঘটনার পর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া ৭ লাখ টাকার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থসহায়তা আছে। সেগুলো কোনোভাবেই ক্ষতিপূরণ নয়।’
সৈয়দ সুলতান বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহকারী নির্বাহী পরিচালক। তিনি বলেন, ‘প্রথমে ৭ লাখ টাকাই কর্তনের কথা ছিল। পরে শ্রমিকনেতারা বিষয়টি নিয়ে আপত্তি তোলায় সেটি কমানো হয়। আগামী সপ্তাহে সমন্বয় কমিটির বৈঠকে কোনো অর্থই যাতে কাটা না হয়, সে বিষয়ে আমরা আবার আলোচনা করব।’
শ্রম অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ক্লিন ক্লথ ক্যাম্পেইন (সিসিসি) ও ইন্ডাস্ট্রিঅল এবং জার্মানভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ ও তাদের অঙ্গপ্রতিষ্ঠান সিঅ্যান্ডএ ফাউন্ডেশনের মধ্যকার এক চুক্তির মধ্য দিয়ে ২০১৪ সালের নভেম্বরে তাজরীন ক্লেইম অ্যাডমিনিস্ট্রেশন ট্রাস্ট গঠিত হয়। ট্রাস্টের উদ্দেশ্য হলো, তাজরীনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শ্রমিকের হারানো আয়ের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহায়তায় গত বছরের এপ্রিলে গঠিত হয় তাজরীন সমন্বয় কমিটি। তারপর ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দাবিনামা পূরণ ও ডাচ্-বাংলা ব্যাংকে হিসাব খোলার কাজ গত অক্টোবরে শুরু করে তাজরীন ক্লেইমস অ্যাডমিনিস্ট্রেশন।
২০১২ সালের ২৪ নভেম্বর দিবাগত রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১৪ জন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। তাঁদের মধ্যে গত নভেম্বর পর্যন্ত ১০৯ জন ৭ লাখ টাকা করে অর্থসহায়তা পেয়েছেন। এর মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা এবং শ্রম মন্ত্রণালয়, বিজিএমইএ, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, লিঅ্যান্ডফাং ও সিঅ্যান্ডএ ১ লাখ টাকা করে দিয়েছে। আর আহত ৯০ জন শ্রমিক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১ লাখ টাকা করে অর্থসহায়তা পান। ওই অগ্নিকাণ্ডের ঘটনার ৪০ মাস পূর্ণ হচ্ছে আগামী বৃহস্পতিবার।
এদিকে তাজরীন ক্লেইম অ্যাডমিনিস্ট্রেশন ট্রাস্টের ওয়েবসাইটে দেখা যায়, ক্ষতিপূরণ দেওয়ার জন্য এখন পর্যন্ত ২৫ লাখ ডলার বা ২০ কোটি টাকা জমা হয়েছে। এই অর্থ দিয়েছে সিঅ্যান্ডএ ফাউন্ডেশন, ফাং ফাউন্ডেশন, কিক, ব্র্যাক ইউএসএ ও এল কর্টি ইংলেস।
তাজরীন ক্লেইমস অ্যাডমিনিস্ট্রেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল প্রথম আলোকে বলেন, নিখোঁজ এক শ্রমিকের পরিবার রংপুর থেকে ঢাকায় না আসায় ক্ষতিপূরণের অর্থ দেওয়ার পুরো প্রক্রিয়াটি বিলম্ব হচ্ছে। অন্যদিকে আহত ১৭৫ জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে। তবে তাঁদের ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণের বিষয়টি চলমান আছে। এতে কিছুটা সময় লাগবে। কারণ, আহতদের বেশ কয়েকজন চিরতরে পঙ্গু হয়ে গেছেন। অনেকে আবার বহু আগে সুস্থ হয়ে উঠেছেন।