৪২ জাহাজে পণ্য খালাস ব্যাহত
বৃষ্টি ও সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য স্থানান্তরের কাজ ব্যাহত হচ্ছে। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সময় পণ্য স্থানান্তর কাজ ব্যাহত হয়।
বন্দরের তালিকাভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলো বহির্নোঙরে পণ্য স্থানান্তরকাজ করে থাকে। এই প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের সহসভাপতি এ কে এম শামসুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, সাগরে এখন ৪২টি পণ্যবাহী বড় জাহাজ রয়েছে। বৃষ্টি ছাড়াও সাগর উত্তাল থাকায় বেশির ভাগ সময় এসব জাহাজে পণ্য স্থানান্তরকাজ হচ্ছে না।
বন্দরের কর্মকর্তারা বলেন, ১৯০ মিটার লম্বা ও সাড়ে ৯ মিটার গভীরতার বেশি বড় জাহাজ বন্দর জেটিতে ভিড়তে পারে না। এসব বড় জাহাজ থেকে পণ্য ছোট জাহাজে ভরে দেশের নানা স্থানে নেওয়া হয়। বড় জাহাজগুলোর একেকটিতে ৪০ থেকে ৬০ হাজার টন পর্যন্ত পণ্য আনা হয়। জ্বালানি পরিবহনকারী ট্যাংকারগুলো একেকটিতে প্রায় এক লাখ টন জ্বালানি তেল আনা হয়।