৪২ সিআইপিকে কার্ড বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ২০১০ সালের জন্য ৪২ জন ব্যবসায়ী নেতা ও শিল্পপতিকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি কার্ড প্রদান করেছে।গতকাল মঙ্গলবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয় এসব ব্যক্তিদের হাতে কার্ড প্রদান করেছে। দেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ সামগ্রিকভাবে জাতীয় অর্থনীতিতে অবদানের জন্য তাঁদের সিআইপি হিসেবে নির্বাচন করা হয়। তবে আগামী বছর সেবা খাতে পাঁচজন উদ্যোক্তাসহ মোট ৬০ জনকে সিআইপি (শিল্প) প্রদান করা হবে।গতকাল মঙ্গলবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ এবং এমসিসিআইয়ের সভাপতি আমজাদ খান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, দীর্ঘমেয়াদে দেশের খাদ্যনিরাপত্তা জোরদার করার পাশাপাশি পরিবেশ বিপর্যয় থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় একটি সমন্বিত শিল্প আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। অনুষ্ঠানে জানানো হয়, ২০১০ সালের জন্য ৪২ জনকে চারটি ক্যাটাগরিতে সিআইপি নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে পদাধিকার বলে ১০, বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ১৮, মাঝারি শিল্প ক্যাটাগরিতে নয় এবং ক্ষুদ্রশিল্প ক্যাটাগরিতে পাঁচজন নির্বাচিত হয়েছেন।পদাধিকার বলে সিআইপি কার্ড পেয়েছেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি আবুল কাশেম খান, এমসিসিআইয়ের সাবেক সভাপতি এম আনিস উদ-দৌলা, বিসিআইয়ের সাবেক সভাপতি শাহেদুল ইসলাম, ফরেন চেম্বারের সভাপতি এ এম হামিম রহ্মতউলাহ, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি এম আবদুল লতিফ, নাসিবের সভাপতি শেখ মো. আবদুস সোবহান, বিটিএমের সাবেক সভাপতি আবদুল হাই সরকার, বিজেএমএর সভাপতি নাজমুল হক এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি রোকেয়া আফজাল রহমান। বৃহৎ শিল্পে সিআইপি হয়েছেন স্কয়ার ফার্মার চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নুরুল ইসলাম, বার্জার পেইন্টস বাংলাদেশের এমডি রূপালী চৌধুরী, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের এমডি মো. সাখাওয়াত হোসেন, বিআরবি কেব্লসের এমডি মো. পারভেজ রহমান, আফতাব বহুমুখী ফার্মসের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, বেক্সিমকো ফার্মার এমডি নাজমুল হাসান, আবদুল মোনেম লিমিটেডের এমডি আবদুল মোনেম, জিন্স ২০০০ লিমিটেডের এমডি মো. নাসির উদ্দীন, এম এম ইস্পাহানী লিমিটেডের এমডি মির্জা সালমান ইস্পাহানী, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (এসিআই) এমডি আরিফ দৌলা, স্কয়ার কনজুমারের এমডি অঞ্জন চৌধুরী, বাদশা টেক্সটাইলসের এমডি মো. বাদশা মিয়া, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (বিএসআরএম) এমডি আলী হুসাইন আকবর আলী, শেলটেকের এমডি তৌফিক এম সেরাজ, মেসার্স ভিয়েলাটেক্সের এমডি কে এম রেজাউল হাসানাত, ইউটা গ্রুপের এমডি আবদুর রাজ্জাক সাত্তার এবং এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ।মাঝারি শিল্পে সিআইপি কার্ড পেলেন নাহিদ কটন মিলসের এমডি মো. আবদুল ওয়াহিদ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের এমডি খতিব আবদুল জাহিদ মুকুল, জেঅ্যান্ডজে ফেব্রিক্সের এমডি মো. ইলিয়াস, স্মার্ট জিন্সের এমডি মজিবুর রহমান, বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের এমডি তানভীরুল হক প্রবাল, ফার সিরামিকসের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ফরহাদ, গুলশান স্পিনিং মিলসের এমডি মো. সিরাজউদ্দিন আহমেদ, বেলী ইয়ার্ন ডাইংয়ের এমডি মো. মাসুদ জামান এবং সোনারগাঁ ডাইং অ্যান্ড প্রিন্টিংয়ের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন।ক্ষুদ্রশিল্পে সিআইপি হয়েছেন করিম লেদারসের এমডি মো. রেজাউল করিম আনসারী, জুলিয়া সুয়েটারের এমডি মো. বজলুর রহমান, গোমতি টেক্সটাইলের এমডি এ বি এম কায়ছার, ইউনিভার্সেল জিন্সের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর এবং বসুমতি রিয়েল এস্টেটের এমডি জেড এম গোলাম নবী।নির্বাচিত সিআইপি (শিল্প) উদ্যোক্তারা এক বছরের জন্য বিভিন্ন সুযোগসুবিধা পাবেন। তাঁদের প্রদত্ত কার্ড আজ থেকে এক বছরের জন্য সচিবালয়ে প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। তাঁরা বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। ব্যবসাসংক্রান্ত ভ্রমণের সময় তাঁদের জন্য বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার থাকবে। ব্যবসায়িক কাজে বিদেশ গমনের ক্ষেত্রে ভিসা পাওয়ার জন্য তাঁদের অনুকূলে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দূতাবাসে পরিচিতিপত্র দেবে।