৪৩ লাখ রুপির পণ্য রপ্তানির আদেশ পেল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে সম্প্রতি অনুষ্ঠিত শিলং আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলায় যোগ দেওয়া বাংলাদেশি কোম্পানিগুলো ৪৩ লাখ রুপি মূল্যের পণ্য রপ্তানির আদেশ পেয়েছে।রপ্তানির আদেশ পাওয়া পণ্যগুলোর মধ্যে খাদ্যসামগ্রী, তৈরি পোশাক ও মেলামাইন-সামগ্রী উল্লেখযোগ্য। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।উত্তর-পূর্ব ভারতে এটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য মেলা। এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও যোগ দেয় মিসর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, পাকিস্তান, মালদ্বীপ ও ভিয়েতনাম। মেলায় বাংলাদেশের সরকারি ও বেসরকারি ২৫টি শিল্পপ্রতিষ্ঠান যোগ দেয়।শিলংয়ের ফায়ার ব্রিগেড ময়দানে ১৫ দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় সহযোগী দেশ ছিল বাংলাদেশ। শিলংবাসীর আগ্রহের কেন্দ্রে ছিল বাংলাদেশের জামদানি, খাদ্যসামগ্রী, পানীয়, তৈরি পোশাক, কুটির পণ্য ও মেলামাইন-সামগ্রী। মেলাটি শেষ হয় ১০ মার্চ।কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে নিযুক্ত প্রথম সচিব (বাণিজ্য) মো. ওমর ফারুক গত শনিবার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, প্রতিদিনই বাংলাদেশি স্টলে প্রচণ্ড ভিড় ছিল, বিক্রিও হয়েছে বেশ। বাংলাদেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ৪৩ লাখ রুপির পণ্য রপ্তানির আদেশ পেয়েছে।