৪৩ সাধারণ বিমা কোম্পানিতে অস্তিত্বহীন প্রতিনিধির ছড়াছড়ি
দেশের ৪৩টি সাধারণ বিমা কোম্পানির হাজার হাজার প্রতিনিধির (এজেন্ট) বাস্তবে কোনো অস্তিত্ব পাওয়া যায় না। অথচ কাগজে-কলমে প্রতিনিধি হিসেবে হাজার হাজার নাম রয়ে গেছে। বিমা কোম্পানিগুলোও এদের নামেই বছরের পর বছর ধরে অবৈধ ব্যবসা করে যাচ্ছে বলে এ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।নতুন বিমা আইন পাস হলেও বিধিমালা তৈরি না হওয়ায় এখনো দেশের বিমা খাত পরিচালিত হচ্ছে ১৯৩৮ সালের বিমা আইন অনুযায়ী। এই আইনের ৪০(১) ধারা অনুযায়ী, বিমা ব্যবসার কমিশন পাওয়ার কথা বিমা প্রতিনিধিদের।সূত্রগুলো জানায়, বিমা কোম্পানির এই কমিশন ভাগবাটোয়ারার মাধ্যমে প্রকৃতপক্ষে পাচ্ছে অন্যরা। এ ব্যাপারে বিমা কোম্পানিগুলোর সঙ্গে ব্যাংকের ম্যানেজার এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) একশ্রেণীর অসাধু কর্মকর্তার যোগসাজশ রয়েছে। নগদ টাকার কমিশনের পরিবর্তে অ্যাকাউন্ট-পেয়ি চেকের মাধ্যমে কমিশনপ্রথা চালু করলে এ অপতৎপরতা বন্ধ হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।যোগাযোগ করলে আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ ভুয়া বিমা প্রতিনিধির অস্তিত্বের কথা স্বীকার করেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আজ (বুধবার) সব সাধারণ বিমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং ঢাকা ও ঢাকার আশপাশের অঞ্চলের শাখাপ্রধানদের সঙ্গে আইডিআরএর বৈঠক রয়েছে। এতে বিষয়টি উত্থাপন করা হবে এবং সমাধানেরও একটি উপায় বের করা হবে।’জানা গেছে, যেসব কোম্পানির ব্যবসার আওতা বড়, সেগুলোর অস্তিত্বহীন প্রতিনিধির সংখ্যাও বেশি। আর এদের প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য লাইসেন্স দেয় আইডিআরএ।আইডিআরএর অন্য শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, ভুয়া প্রতিনিধির বিষয়টি সম্পর্কে তাঁরা অবগত। তার পরও তাঁরা রুটিনমাফিক লাইসেন্সও দিয়ে যাচ্ছেন। কিন্তু সমাধানের পথ তাঁদেরও অজানা। তবে নতুন আইনের বিধি তৈরি হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হবে।আইডিআরএ থেকে আরও জানা যায়, বিমা কোম্পানিগুলোর অনেকেই প্রিমিয়াম ছাড়া পলিসি ইস্যু করছে। বিমা গ্রহণকারীর পলিসির বিপরীতে অনেক সময় পুনর্বিমা করা হচ্ছে না। আবার পুনর্বিমা করা হলেও প্রিমিয়ামের টাকা দিচ্ছে না অনেক কোম্পানি। অন্যদিকে পুনর্বিমা দাবির অঙ্ক বাড়িয়েও দেখাচ্ছে অনেকে। একটি সাধারণ বিমা কোম্পানির মোফাজ্জল হোসেন নামের একজন বিমা প্রতিনিধি প্রথম আলোকে বলেন, ‘বিমার কমিশন নিয়ন্ত্রণ করেন মূলত ব্যাংকের শাখা ব্যবস্থাপকেরা। এ বিষয়ে অনেক ক্ষেত্রে তাঁদের ক্ষমতা ব্যাংকের এমডির চেয়েও বেশি। কমিশনের টাকা অ্যাকাউন্ট-পেয়ি চেকের মাধ্যমে হলে আপাতত একটা সমাধান পাওয়া যেতে পারে।’ নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর মতিঝিলে অবস্থিত একটি বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক স্বীকার বলেন, দীর্ঘদিন থেকে বিষয়টি চলে আসছে। তাই এর সুবিধাও ভোগ করে আসছেন তাঁরা। বর্তমানে যে ৪৩টি সাধারণ বিমা কোম্পানি রয়েছে, বিভিন্ন খাতের বড় বড় বেসরকারি কোম্পানির মালিকেরাই এসব কোম্পানির মালিক। জানা গেছে, ভুয়া প্রতিনিধিদের নামে যে টাকা আয় করা হচ্ছে, তার একটা অংশ যাচ্ছে কোম্পানির পরিচালকদের পকেটেও। সূত্র জানায়, যেসব বিমা কোম্পানির ব্যবসা ভালো, তাদের ভুয়া প্রতিনিধির সংখ্যাও বেশি। এক হাজার থেকে শুরু করে একেক কোম্পানির সাত হাজার প্রতিনিধিও রয়েছে।আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে জানান, ‘দীর্ঘদিন ধরে অবহেলিত থাকার কারণে এত দিন বিমা খাতে অনেক বিধিবহির্ভূত কাজই হয়েছে। এখন নতুন আইন হয়েছে, আর বিধি তৈরি হচ্ছে। আশা করছি, আগামী দিনে এ খাতকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা যাবে।’ আইডিআরএর আগে যে বিমা অধিদপ্তর ছিল, তখন থেকেই জটিলতাটি চলে আসছে বলে জানান শেফাক আহমেদ।বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন প্রথম আলোকে বলেন, ভুয়া প্রতিনিধিদের অস্তিত্বের বিষয়টি তাঁর অজানা। তিনি জানেন, কমিশনের টাকা বিমা প্রতিনিধিরাই পেয়ে থাকেন। তবে এ ক্ষেত্রে ব্যাংক ব্যবস্থাপকদের জড়িত থাকার কথা শুনেছেন তিনি। শেখ কবির হোসেন আরও বলেন, ‘বিআইএর পক্ষ থেকে সম্প্রতি বিমা খাতের অনেক জটিলতা নিরসনের উদ্যোগ নিয়েছি। শিগগির এই বিষয়টিকেও সেই উদ্যোগের মধ্যে অন্তর্ভুক্ত করব।’