কারখানার লাইসেন্স ও ভবনের নকশার অনুমোদন না নিয়েই উৎপাদন শুরু। পর্যাপ্ত অগ্নিনির্বাপণযন্ত্র নেই, শ্রমিকদের চলাচলে আছে প্রতিবন্ধকতা। শ্রমিকদের খাওয়ার ক্যানটিনে বানানো হয়েছে গুদামঘর। আবার ভবনের ছাদে নিয়ম অনুযায়ী নেই খোলা জায়গা। ঢাকার আশপাশের এলাকার ৪৩৮ তৈরি পোশাক কারখানা এভাবেই নিয়মনীতির তোয়াক্কা না করে চলছে। ফলে পোশাকশ্রমিকদের সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত না হওয়ার পাশাপাশি তাজরীন ও রানা প্লাজার মতো ট্র্যাজেডির পুনরাবৃত্তির আশঙ্কা থেকেই যাচ্ছে।নিয়ম না মানার বিভিন্ন অভিযোগে ২৭৮টি কারখানার বিরুদ্ধে মামলা করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর। অন্যদিকে কারখানা ভবনের ছাদের ২৫ শতাংশ উন্মুক্ত না রাখার অভিযোগে ১৬০টি প্রতিষ্ঠানের ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) সনদ দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ। পরিদর্শন চিত্র: তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের পর কলকারখানা পরিদর্শন পরিদপ্তর ২৩টি দল গঠন করে নতুন আঙ্গিকে পোশাক কারখানা পরিদর্শন শুরু করে। পরিদপ্তরের নিবন্ধিত সাড়ে চার হাজারের মধ্যে এখন পর্যন্ত তিন হাজারের বেশি কারখানার পরিদর্শনকাজ সম্পন্ন হয়েছে।কারখানা ভবন, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ, বৈদ্যুতিক নিরাপত্তা ও শ্রমিকসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ৫০টি প্রশ্নের ওপর ভিত্তি করে পরিদর্শন কার্যক্রম চালানো হয়। এ সময় কোনো কারখানায় কোনো ত্রুটি পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সে বিষয়ে ব্যবস্থা নিতে নির্দিষ্ট সময় বেঁধে চিঠি দেয় পরিদপ্তর। তারপর ওই সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়ায় ২৭৮টি কারখানার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করে সরকারি এই প্রতিষ্ঠান। জানতে চাইলে কারখানা পরিদর্শন পরিদপ্তরের প্রধান পরিদর্শক মো. মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘তাজরীনের ঘটনার পর বাণিজ্য মন্ত্রণালয়ের কমপ্লায়েন্স-বিষয়ক কমিটি একটি কাঠামো তৈরি করে দিয়েছে। সেই অনুযায়ী পরিদর্শন কার্যক্রম চলছে।’ মশিউর রহমান আরও বলেন, ‘যেসব পোশাক কারখানায় সুষ্ঠু কর্মপরিবেশ নেই, সেগুলোর বিরুদ্ধে মামলা করা হচ্ছে।’ তবে ত্রুটিপূর্ণ কারখানা চিহ্নিত হওয়ার পরও সেগুলো কেন বন্ধ হচ্ছে না বা কোনো দুর্ঘটনা ঘটলে কে দায়দায়িত্ব নেবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মামলা করেছি। কারখানা বন্ধ করে দেওয়ার কোনো এখতিয়ার আমাদের নেই। তবে প্রশাসনকে জানানো হয়েছে।’ তবে একাধিক পরিদর্শক দাবি করে বলেন, শ্রম আইনে দায়ের করা মামলায় সর্বোচ্চ শাস্তি মাত্র কয়েক হাজার টাকা জরিমানা। ফলে কারখানার ত্রুটি সারাতে অনেকেই আগ্রহ দেখান না। এ জন্য কঠোর শাস্তির বিধান করা দরকার।সরেজমিনে কারখানা: কারখানা ভবনে চলাচলের পথে মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি, অনিরাপদ দুটি বয়লার, অপর্যাপ্ত অগ্নিনির্বাপণ সরঞ্জাম, অনুমোদনহীন ক্যানটিনের নকশাসহ সাত ধরনের অনিয়মের অভিযোগে উত্তরার ৫ নম্বর সেক্টরের কেসিওপিয়া ক্লদিং লিমিটেডের বিরুদ্ধে গত ২৬ জুন মামলা করে পরিদপ্তর। এতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ ও মহাব্যবস্থাপক বি এম আরীফ হোসেইনকে বিবাদী করা হয়। মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি কারখানাটি পরিদর্শন করেন পরিদর্শক সুদীপ চন্দ্র দেব। তিনি ওই সাত ধরনের অনিয়ম পেয়ে কারখানা কর্তৃপক্ষকে সংশোধনের জন্য রেজিস্ট্রি ডাকযোগে পত্র দেন। তবে এর কোনো উত্তর দেয়নি সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায়, কারখানার নিচতলার সিঁড়ির একটি বিরাট অংশ কাপড়ভর্তি বস্তা ফেলে আটকে রাখা হয়েছে। ষষ্ঠ তলার ক্যানটিনটি সেলাই মেশিন ও কাপড় দিয়ে বোঝাই করে রাখা। এ ছাড়া বয়লার দুটিও বহাল তবিয়তেই আছে। তবে কারখানার দ্বিতীয় তলায় বেশ কিছু অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি দেখতে পাওয়া গেছে। বিজিএমইএর সদস্য এই কারখানাটিতে প্রায় ৬৫০ পোশাকশ্রমিক কাজ করেন। বিশ্বের বিখ্যাত খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান প্রাইমার্কের পোশাক তৈরি হয় এখানে। জানতে চাইলে কারখানার মহাব্যবস্থাপক আরীফ হোসেইন বলেন, ‘সংসার গোছাতে যেটুকু সময় লাগে, সেটি এখনো শেষ হয়নি। তাই হয়তো কিছু ত্রুটি আছে। দু-তিন মাসের মধ্যেই কারখানাটি পুরোপুরি কমপ্লায়েন্স হয়ে যাবে।’ অন্যদিকে কারখানার লাইসেন্স ও ভবনের নকশা অনুমোদন না থাকা, অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও শ্রমিকদের নিবন্ধন খাতা না রাখা, শ্রমিকদের দৈনিক ১০ ঘণ্টার বেশি কাজ করানোসহ মোট ১১টি অভিযোগে আশুলিয়ার জিরাবোর টিটেক্স নিটওয়্যার লিমিটেডের বিরুদ্ধে মামলা করে পরিদপ্তর। গত বছরের ১২ ডিসেম্বর পরিদর্শনের পর কেসিওপিয়ার মতোই এই কারখানাটিকেও সংশোধনের নোটিশ দেওয়া হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় গত ২৩ এপ্রিল মামলা করে পরিদপ্তর। লাইসেন্স ও ভবনের নকশা অনুমোদন ছাড়াই উৎপাদন শুরু করার বিষয়টির সত্যতা পাওয়া যায়। গত বছরের আগস্টে টিটেক্স উৎপাদন শুরু করে। তবে কারখানা পরিদপ্তর থেকে লাইসেন্স নেয় ছয় মাস পর গত ২৫ মার্চ। আর স্থানীয় ইউনিয়ন পরিষদ ও সাভার পৌরসভার মেয়রের কাছ থেকে ভবনের নকশা অনুমোদন নেওয়া হয়েছে ১১ এপ্রিল। টিটেক্স বিজিএমইএর ৫৬২৫ নম্বর সদস্য। কারখানার ব্যবস্থাপক হেলাল উদ্দিন বলেন, ‘আমরা নতুন কারখানা দিয়েছি। অভিজ্ঞতা কম, তাই উৎপাদন শুরুর সময় সবকিছুর অনুমোদন নেওয়া হয়নি।’ জানতে চাইলে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘পরিদপ্তরের করা মামলার বিষয়টি আমার জানা নেই। তবে কেউ যদি নিয়ম না মেনে ব্যবসা করতে চায়, তবে সেটি অন্যায়। এ ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। এখানে বিজিএমইএ কোনো সুপারিশ করবে না।’ ইউডি বন্ধের বিষয়েআতিকুল ইসলাম বলেন, ছাদ উন্মুক্ত না করা পর্যন্ত এটি বন্ধই থাকবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।