৪৫ টাকার পেঁয়াজ ৮০ টাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে আমদানি হচ্ছে বিপুল পরিমাণ পেঁয়াজ। সেই পেঁয়াজ টেকনাফ, কক্সবাজার ও চট্টগ্রামে পাইকারিতে বিক্রি হচ্ছে কেজি ৪৫ টাকায়। অথচ একই পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এতে সাধারণ ভোক্তারা হয়রানির শিকার হলেও দেখার কেউ নেই।
গত বৃহস্পতিবার সকালে টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আমদানি হয়েছে ১২৭ মেট্রিক টন পেঁয়াজ। ওই পেঁয়াজের আমদানিকারক শওকত আলী জানান, মিয়ানমারের আকিয়াব থেকে পেঁয়াজ কিনে ট্রলারে বোঝাই করে (সমুদ্র পাড়ি দিয়ে) টেকনাফ স্থলবন্দরে পৌঁছাতে তিন দিন সময় লাগে। পাশাপাশি লোনা পানিতে পেঁয়াজ নষ্ট হয়। তারপরও এই পেঁয়াজ ট্রাক ভর্তি করে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীদের কাছে বিক্রি করছি মণপ্রতি ১ হাজার ৯২০ টাকায়। সেই হিসাবে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়ে ৪৫ টাকা। অথচ টেকনাফ, উখিয়া ও কক্সবাজারের খুচরা বাজারে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
শওকত আলী আরও জানান, আজ বৃহস্পতিবার প্রায় ২০০ মেট্রিক টন পেঁয়াজ বোঝাই করে মিয়ানমারের আকিয়াব থেকে একটি জাহাজ টেকনাফ বন্দরে ভিড়বে। সেই পেঁয়াজও কেজি ৪৫ টাকায় বিক্রি হবে।
টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার এ কে এম হুমায়ুন কবির জানান, প্রায় আট মাস পেঁয়াজ আমদানি বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার থেকে এই স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আগামী সাত দিনে অন্তত ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হবে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল বুধবার টেকনাফ পৌরসভার বড় বাজার, বাসস্টেশন, উখিয়ার পালংখালী বাজার ও কক্সবাজার শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
এর কারণ জানতে চাইলে টেকনাফ বড় বাজারের ব্যবসায়ী আবুল কাশেম জানান, চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে তাঁরা প্রতি কেজি পেঁয়াজ ৭৫ টাকায় কিনে টেকনাফ নিয়ে আসেন। এতে প্রতি কেজিতে দুই টাকা পরিবহন খরচ যায়। এরপর তিন টাকা লাভ করে ৮০ টাকায় পেঁয়াজ বিক্রি করছেন। টেকনাফ স্থলবন্দরে ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি হলেও তাঁরা এই পেঁয়াজ কেনেন না।
কক্সবাজার শহরের বড়বাজারের ব্যবসায়ী গিয়াস উদ্দিন জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় খুচরা বাজারে দফায় দফায় দাম বাড়ছে।
টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) আবু নুর খালিদ জানান, মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ দ্রুত ট্রলার থেকে খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। উদ্দেশ্য—ভোক্তাদের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। এতে বাজারের উচ্চমূল্য নিয়ন্ত্রণ সম্ভব। কিন্তু আমদানির এই পেঁয়াজ কেউ মজুত করে বাজারে চড়া মূল্যে বিক্রি করছে কি না, তা অনুসন্ধানের সুযোগ তাঁদের নেই।