৪৫ হাজার কোটি টাকার নতুন কর দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে গতকাল বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আয়োজিত ‘জাতীয় বাজেট ২০১৬-১৭: মূল্যায়ন ও পর্যালোচনা’ শীর্ষক সভায় অতিথিরা l প্রথম আলো
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে গতকাল বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আয়োজিত ‘জাতীয় বাজেট ২০১৬-১৭: মূল্যায়ন ও পর্যালোচনা’ শীর্ষক সভায় অতিথিরা l প্রথম আলো

সরকার লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করলে আগামী অর্থবছর জনগণকে ৪৫ হাজার কোটি টাকা নতুন কর দিতে হবে বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান। মাথাপিছু হিসাবে এর পরিমাণ প্রায় ২ হাজার ৮০০ টাকা।
আগামী বাজেটে সরকার এখনকার তুলনায় যে বাড়তি রাজস্ব আদায় করবে, সেখান থেকে মূল্যস্ফীতি ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বাবদ ১৪ শতাংশ বাদ দিয়ে বাকিটা নতুন কর হিসেবে গণ্য করেছেন আকবর আলি খান। তিনি বলেছেন, এক বছরে এত বেশি নতুন কর আদায় সম্ভব নয়। হঠাৎ করে রাজস্ব আদায়ের পরিমাণ অনেক বৃদ্ধি করতে গেলে তা হুমড়ি খেয়ে পড়তে পারে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আয়োজিত ‘জাতীয় বাজেট ২০১৬-১৭: মূল্যায়ন ও পর্যালোচনা’ শীর্ষক এক সভায় তিনি এ কথা বলেন। গতকাল মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে আলোচক হিসেবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগের পরিচালক অধ্যাপক আবদুল বায়েস বাজেট নিয়ে একটি মূল্যায়ন তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ ইউনিটের পরিচালক কে এ এম মোর্শেদ।
বড় লক্ষ্য নিয়ে সরকার কর আদায় করতে গেলে দেশের বেসরকারি খাতের ওপর প্রভাব পড়বে উল্লেখ করে আকবর আলি খান বলেন, ‘আমি উদ্বিগ্ন যে এভাবে কর বাড়ানোর চেষ্টা হলে কর বিভাগকে অনেক ক্ষমতা দেওয়া হয়। অনেক জায়গায় অস্পষ্ট আইন-কানুন করা হয়। সব মিলিয়ে কর বিভাগের সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ করদাতাদের সংঘর্ষ তৈরি হয়।’
বাংলাদেশের কোনো চেম্বার এবারের বাজেটের কর প্রস্তাবকে মেনে নেয়নি বলেও উল্লেখ করেন তিনি। বলেন, কর আদায় নিয়ে আদায়কারী সংস্থা ও করদাতাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলে অনিশ্চয়তা তৈরি হবে। অনিশ্চয়তা সৃষ্টি হলে দেশে বিনিয়োগ হবে না।
অনুষ্ঠানে আকবর আলি খান মূল্য সংযোজন করের (মূসক) হার ১০ থেকে ১২ শতাংশের মধ্যে রাখার পরামর্শ দেন। তিনি বলেন, প্রথম যখন মূসক এল, তখন ১৫ শতাংশ হার অনেক বেশি মনে করা হয়েছিল। একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল যে যখন ব্যাপক হারে মূসক আদায় করা হবে, তখন এ হার কমানো হবে। অভিন্ন ১৫ শতাংশ হারে মূসক আদায় হলে মূল্যস্ফীতি বাড়বে। তবে তিনি সব খাতে মূসকের হার একই রাখার পক্ষে মত দেন।
মির্জ্জা আজিজুল ইসলাম বক্তব্যের শুরুতে অর্থমন্ত্রীর এবারের বাজেট বক্তৃতার শিরোনামটি উল্লেখ করেন, যেখানে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। মির্জ্জা আজিজ বলেন, বাজেটে মোট করের ৬১ শতাংশ পরোক্ষ কর থেকে আদায়ের কথা বলা হয়েছে। এটা সমতাভিত্তিক নয়। পরোক্ষ কর তুলনামূলক কম আয়ের মানুষের ওপর চাপ তৈরি করে।
বাজেটে ব্যয়ের দিক দিয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে উল্লেখ করে মির্জ্জা আজিজ বলেন, স্বাস্থ্য ও শিক্ষায় বরাদ্দ বেড়েছে। তবে এর উপকার গরিব মানুষ কতটুকু পাচ্ছে তা দেখা দরকার। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তায় বরাদ্দ আরও বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, বাজেটের ৩৮ শতাংশ ব্যয় হয় জনপ্রশাসন, জননিরাপত্তা, প্রতিরক্ষা ও সুদ পরিশোধে। এখান থেকে ব্যয় কমানো দরকার।
এক প্রশ্নের জবাবে মির্জ্জা আজিজ কালোটাকা বিনিয়োগের সুযোগ পুরোপুরি বন্ধের তাগিদ দিয়ে বলেন, প্রতিবছর সুযোগ রাখা হলেও কালোটাকা সাদা হয় খুব কম। বরং কালোটাকা সৃষ্টি উৎসাহিত হয়।
আবদুল বায়েস বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ শতাংশ ছাড়িয়েছে, মূল্যস্ফীতির হার কমেছে, সুদের হার কমছে। এসব সুসংবাদ। এর মধ্যে দুঃসংবাদ হলো বিনিয়োগ বৃদ্ধির হার কমে যাওয়া। তিনি বলেন, ‘আমরা যতই বলি রাজনৈতিক স্থিতিশীলতা এসেছে, আসলে একটি অনিশ্চয়তা রয়ে গেছে। এমন পরিস্থিতি থাকলে বেসরকারি বিনিয়োগ আসে না।’