দুই বছরে ৪৫৪ কোটি টাকার পাটজাত পণ্য রপ্তানির জন্য গোল্ডেন অস্ট্রেলিয়া প্রাইভেট লিমিটেডের (জিএফএপিএল) সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)। রাজধানীর সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল বৃহস্পতিবার চুক্তিটি সই হয়। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ থেকে আগামী দুই বছরে ৪৫৪ কোটি টাকার পাটজাত পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করবে জিএফএপিএল। এ ছাড়া ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রে পাটপণ্যের বাজার অনুসন্ধান, সম্প্রসারণসহ বিপণনের ক্ষেত্রে বিজেএমসিকে সহায়তা করবে প্রতিষ্ঠানটি। চুক্তিতে বিজেএমসি ও জিএফএপিএলের পক্ষে যথাক্রমে সচিব মোহাম্মদ সালেহ উদ্দিন ও ম্যানেজিং পার্টনার সাকিব আহম্মেদ খন্দকার স্বাক্ষর করেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু, বিজেএমসির চেয়ারম্যান মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।