৪৬ প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে আইসিএবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে আইসিএবির পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা l প্রথম আলো
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে আইসিএবির পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা l প্রথম আলো

সেরা বার্ষিক আর্থিক প্রতিবেদনের জন্য ১০টি শ্রেণিতে এ বছর পুরস্কার পেয়েছে ৪৬টি প্রতিষ্ঠান। দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এ পুরস্কার দিয়েছে। গত রোববার রাতে রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গত ১৩ বছর ধরেই বছর শেষের সেরা আর্থিক প্রতিবেদনের জন্য দেশের বিভিন্ন শ্রেণির প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে আসছে আইসিএবি। আর্থিক প্রতিবেদনের মান উন্নত করতে ২০০১ সাল থেকে ধারাবাহিকভাবে এ আয়োজন করে আসছে হিসাববিদদের সংগঠনটি।
এ বছর ১০টি শ্রেণির মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক শ্রেণিতে যুগ্মভাবে প্রথম হয়েছে জনতা ও রূপালী ব্যাংক। দ্বিতীয় হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)। বেসরকারি ব্যাংক শ্রেণিতে প্রথম হয়েছে প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া ও ইসলামী ব্যাংক যৌথভাবে দ্বিতীয় এবং ইস্টার্ন ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংক (ডিবিবিএল) যৌথভাবে তৃতীয় হয়েছে। এ ছাড়া ১৬টি বেসরকারি ব্যাংক ‘সার্টিফিকেট অব মেরিট’ পেয়েছে।
আর্থিক সেবা খাতে প্রথম হয়েছে আইডিএলসি। প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড যুগ্মভাবে দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে লঙ্কা বাংলা ফিন্যান্স। এ ছাড়া এ খাতের আরও দুটি প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স এবং উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট অব মেরিট পেয়েছে।
উৎপাদনশীল খাত শ্রেণিতে প্রথম হয়েছে বিএসআরএম কোম্পানি। আর বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ দ্বিতীয় এবং গ্ল্যাক্সো স্মিথক্লাইন তৃতীয় হয়েছে। যোগাযোগ ও প্রযুক্তি খাত শ্রেণিতে প্রথম পুরস্কার পেয়েছে গ্রামীণফোন। সেবা খাত শ্রেণিতে সার্টিফিকেট অব মেরিট পেয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট। বেসরকারি উন্নয়ন সংস্থা শ্রেণিতে প্রথম হয়েছে ব্র্যাক। আর সাজিদা ফাউন্ডেশন দ্বিতীয় ও উদ্দীপন তৃতীয় হয়েছে। এ ছাড়া এ খাতে ব্যুরো বাংলাদেশকে সার্টিফিকেট অব মেরিট সম্মাননা দেওয়া হয়।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শ্রেণিতে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রথম পুরস্কার পেয়েছে। প্রাতিষ্ঠানিক সুশাসন শ্রেণিতে প্রথম পেয়েছে আইডিএলসি ফিন্যান্স। আর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক ও বেসরকারি খাতের প্রাইম ব্যাংক তৃতীয় হিসেবে পুরস্কার পেয়েছে। বিমা খাত শ্রেণিতে প্রথম হয়েছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স। এ শ্রেণিতে রিলায়েন্স ইনস্যুরেন্স দ্বিতীয় ও প্রাইম ইনস্যুরেন্স তৃতীয় হিসেবে পুরস্কৃত হয়েছে। এ ছাড়া এ খাতে সার্টিফিকেট অব মেরিট পেয়েছে ইস্টল্যান্ড ইনস্যুরেন্স।
এদিকে বিজয়ী প্রতিষ্ঠানের হাতে সম্মাননা তুলে দেওয়ার পর প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বিশ্বায়নের বাস্তবতায় কোম্পানির পণ্য ও সেবার মান বৃদ্ধিতে যথাযথ হিসাবমান পরিপালন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও প্রধান অতিথির অনুপস্থিতির কারণে তাতে বেশ বিলম্ব ঘটে। সাড়ে ছয়টার অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী যোগ দেন রাত ১০টায়। এ জন্য অনুষ্ঠান মঞ্চে এসে তিনি সবার কাছে ক্ষমা চেয়ে জানান, রাষ্ট্রীয় জরুরি কাজে থাকায় অনাকাঙ্ক্ষিত এ বিলম্ব ঘটেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়া পুরস্কৃত হওয়া একাধিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা তাঁদের অভিব্যক্তি প্রকাশ করেন। এ ছাড়া বক্তব্য দেন আইসিএবির সভাপতি শওকত হোসেন এবং পুরস্কারের জন্য গঠিত কমিটির সভাপতি আব্বাসউদ্দিন খান।