৪৬০ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে রিহ্যাবের আবাসন মেলায় ৪৬০ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি হয়েছে। বন্দর নগরীর র্যাডিসন হোটেলে গত শনিবার শেষ হওয়া চার দিনব্যাপী এই মেলায় প্রায় ১৫ হাজার ক্রেতা-দর্শনার্থীর সমাগম ঘটে।
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) মেলা শেষে গতকাল সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, চট্টগ্রামের মেলায় বিক্রিবাট্টা আশানুরূপ হওয়ায় দীর্ঘদিন ধরে আবাসন খাতে যে মন্দাভাব চলছিল, তা কিছুটা হলেও কেটেছে।
এদিকে গত রোববার চট্টগ্রাম ক্লাবে আবাসন মেলার সমাপনী অনুষ্ঠান হয়। তাতে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের সহসভাপতি ও সাংসদ নুরুন্নবী চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ইকবাল বাহার, রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া ও আবদুল কইয়ূম চৌধুরী, পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ দিদারুল হক চৌধুরী প্রমুখ।
মেলার সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রাখায় প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী ও স্থপতি নাজমুল লতিফকে সম্মাননা প্রদান করে রিহ্যাব।